১৮-দলীয় জোটের 'ছাড়', আ.লীগের সমাবেশ
টানা ৮৪ ঘণ্টা হরতালের শেষ দিনে গতকাল বুধবার বেলা একটা পর্যন্ত সিলেট নগরের কোর্ট পয়েন্টে অবস্থানের ঘোষণা দিয়েছিল ১৮-দলীয় জোট।
ঘোষণা দেওয়ার দুই ঘণ্টার মাথায় পুলিশ ১০ মিনিটের মধ্যে কোর্ট পয়েন্ট ছেড়ে দিতে সময় বেঁধে দেয় (আলটিমেটাম)। পুলিশের বেঁধে দেওয়া সময়ে জোটের নেতা-কর্মীরা কোর্ট পয়েন্ট ছেড়ে যান। এ অবস্থাকে ১৮-দলীয় জোটের নেতারা ‘ছাড়’ বলে অভিহিত করেন। এই ছাড় পেয়ে আওয়ামী লীগ নগরে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করে। ১৮-দলীয় জোট সূত্র জানায়, গতকাল হরতালের শেষ দিন হওয়ায় সকাল পৌনে ১০টার দিকে কোর্ট পয়েন্টে সমাবেশ করে ১৮-দলীয় জোট। ওই সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি ও মহানগর ১৮-দলীয় জোটের আহ্বায়ক এম এ হক বেলা একটা পর্যন্ত কোর্ট পয়েন্টে অবস্থান করার ঘোষণা দেন। সমাবেশ শেষে নেতা-কর্মীরা কোর্ট পয়েন্ট ও পাশের মধুবন মার্কেটের সামনে অবস্থান নেন।
দুপুর ১২টার দিকে ১৮-দলীয় জোট পুনরায় সমাবেশ করে। সমাবেশে মহানগর বিএনপির সভাপতি এম এ হক, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, জেলার সাধারণ সম্পাদক আবদুল গফফার, নগর ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান লোদী ও আলী আহমদ বক্তব্য দেন। ওই সমাবেশ চলাকালে পুলিশ এসে তাঁদের সমাবেশ শেষ করে ১০ মিনিটের মধ্যে কোর্ট পয়েন্ট এলাকা ত্যাগ করার নির্দেশ দেয়। বক্তব্য সংক্ষিপ্ত করে বক্তারা ১০ মিনিটেই কোর্ট পয়েন্ট এলাকা ত্যাগ করেন। এ ঘটনাকে জেলা বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা ‘শান্তির স্বার্থে নানা কৌশল অবলম্বন করতেই ছাড়’ বলে অভিহিত করেন। এই ছাড় পেয়ে আওয়ামী লীগ হরতালবিরোধী মিছিল শেষে চৌহাট্টা মোড়ে সমাবেশ করে।
নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বিরোধী দলকে সহিংসতার পথ পরিহার করে নির্বাচনের পথে আসার আহ্বান জানান।