১৮-দলীয় জোটে যোগ দেবে বিকল্পধারা
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। গতকাল শুক্রবার দলের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলটি দু-এক দিনের মধ্যে সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে জানা গেছে।দলীয় সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবনে গতকাল দলের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠক হয়। বৈঠকে ১৮-দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে উপস্থিত থাকা একজন নেতা জানান, বিভিন্ন দিক আলোচনা করে বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়া এবং ভবিষ্যতে জোটবদ্ধভাবে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী ২০০৪ সালে বিএনপি থেকে বেরিয়ে বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। দল প্রতিষ্ঠার পর থেকে কোনো জোটে যোগ না দিলেও এবার বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল বিকল্পধারা।