১৮-দলীয় জোটের তাণ্ডবে ১০ হাজার গাছ নিধন হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সহিংস কর্মসূচিতে ১৬টি জেলার ৪১টি উপজেলায় ১০ হাজার ৪২টি গাছ নিধন হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। গত সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে নুরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।ওই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১৮-দলীয় জোটের তাণ্ডবে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে যুদ্ধাপরাধের মামলার কয়েকটির রায় হওয়ার পর নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, দিনাজপুর, সাতক্ষীরা, বগুড়া, জয়পুরহাট, যশোর, সিরাজগঞ্জ, চাঁদপুর, নীলফামারী, পাবনা ও ঝিনাইদহে এসব গাছ নিধন করা হয়। এই ক্ষতি স্বল্প সময়ে পুষিয়ে নেওয়া সম্ভব না হলেও সরকার তৎপরতা চালাচ্ছে। তিনি জানান, অবৈধভাবে গাছ কাটা ও ক্ষতিগ্রস্ত করার এসব ঘটনায় ৫৬টি মামলা হয়েছে। ইতিমধ্যে ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সরকারি দলের সাধনা হালদারের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ জানান, কিছু বিজ্ঞানীর মতে, ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দশমিক শূন্য ৮ থেকে ১ দশমিক ৩ মিটার পর্যন্ত বাড়তে পারে। তাঁদের হিসাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের ১৫ শতাংশ ভূমি সাগরে তলিয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২০৫০ সাল নাগাদ ৪৫ সেন্টিমিটার বাড়তে পারে এবং তাতে বাংলাদেশের ১০ থেকে ১৫ শতাংশ ভূমি প্লাবিত হতে পারে।সরকারি দলের ফজিলাতুন নেসার প্রশ্নের জবাবে বন ও পরিবেশমন্ত্রী জানান, সম্প্রতি আন্দোলনের নামে শাপলা চত্বর ও মতিঝিলে হাজার হাজার গাছ কাটার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বৃক্ষ নিধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। গত ২১ মে প্রধানমন্ত্রীর দপ্তরে আন্তমন্ত্রণালয় সভায় অবৈধভাবে বৃক্ষ নিধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার সিটি করপোরেশনের।বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম জানান, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সিগঞ্জের মোট দুই হাজার ৪৫২ একর জমি অধিগ্রহণ এবং ২৬০ একর জমি হুকুম দখল করা হয়েছে। অধিগ্রহণ করা জমির মালিকদের মোট এক হাজার ১৩ কোটি ৯১ লাখ ২৯ হাজার টাকা দেওয়া হবে। এর মধ্যে ১২ হাজার ৫৩২ জনকে পাওনা টাকা পরিশোধ করা হয়েছে।বিএনপির সৈয়দা আসিফা আশরাফীর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম জানান, মুক্তিযুদ্ধকালে রাজাকার এবং চিহ্নিত যুদ্ধাপরাধীদের সঠিক নামের তালিকা সরকারিভাবে তৈরি করা হয়নি বা সংরক্ষণও করা হয়নি। প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা বা জেলা প্রশাসক রাজাকার ছিলেন কি না, তারও কোনো তথ্য মন্ত্রণালয়ে নেই। তবে রাজাকারদের নামসহ তালিকা প্রণয়নের পরিকল্পনা সরকারের আছে। মুক্তিযুদ্ধকালে জেলা প্রশাসকেরা পাকিস্তান প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। তার পরও অধিকাংশ জেলা প্রশাসক সে সময় পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।