১৮-দলীয় জোটের নিরুত্তাপ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের চতুর্থ দফা অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পার হয়েছে। নগরে সীমিত আকারে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করেছে। কিছু সড়কে পণ্যবাহী ট্রাকও চলতে দেখা গেছে।
গতকাল সকালে নগরের আকবর শাহ ও খুলশী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ যুবদলের দুই কর্মী ফারুক ও ইয়াসিনকে আটক করে। নগরের প্রবেশপথ অলংকার ও কর্ণেলহাট মোড়ে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি সফল করে আসছিলেন। ওই কর্মসূচিগুলোতে ফারুক ও ইয়াসিনের সরব উপস্থিতি ছিল বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। তাঁদের মধ্যে ফারুককে গতকাল বিস্ফোরক আইনের মামলায় আদালতে হাজির করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, আটক ফারুক ও ইয়াসিনের বিরুদ্ধে ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা আছে। পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁরা জড়িত।
এদিকে অবরোধ কর্মসূচির সমর্থনে গতকাল সকালে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন এলাকায় সংক্ষিপ্ত এক সমাবেশ হয়েছে। এতে থানা ও ওয়ার্ড বিএনপির নেতারা অংশ নেন। এ ছাড়া নগরের আর কোথাও বিএনপির পিকেটিং বা জমায়েত চোখে পড়েনি।
গতকাল নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। খোলা ছিল বিপণিবিতান ও ব্যবসাকেন্দ্রগুলো। তবে ক্রেতার উপস্থিতি থাকায় বেচাকেনা কম ছিল। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ি চলাচল নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে। বিশেষ করে সীতাকুণ্ড ও মিরসরাই এলাকায় পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের টহল অব্যাহত ছিল। গতকাল দিনের বেলায় মহাসড়কে গাড়ি চলাচল কম ছিল।
সাবেক হুইপ: জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম গতকাল হাটহাজারী, অক্সিজেনসহ কয়েকটি এলাকায় অবরোধের সমর্থনে সভা করেছেন। এসব সমাবেশে তিনি বলেন, ক্ষমতার মোহে অন্ধ সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আজকের বাংলাদেশে বর্তমান সরকার জনগণের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। অবরোধ-হরতালসহ কঠিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এ অবৈধ সরকারকে বিদায় করেই এ দেশের জনগণ ঘরে ফিরবে। সৈয়দ ওয়াহিদুল আলম আরও বলেন, সরকার জনসমর্থন হারিয়েছে বলেই সিলেকশনের মাধ্যমে আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে বিরল সরকার গঠন করতে যাচ্ছে। সব দলের অংশগ্রহণে নির্দলীয় সরকার দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে করতে হবে। নইলে জনগণ এই সরকারকে বিতাড়িত করবে।