১৮ দলীয় জোটের সংগ্রাম কমিটি গঠনের আহ্বান
সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য ওয়ার্ড থেকে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যন্ত সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে অনুষ্ঠিত ১৮ দলীয় জোটের বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ এই আহ্বান জানান।ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আপনারা নিজেদের কোন্দল ভুলে একতাবদ্ধ হোন। নইলে ফলাফল শুভ হবে না। জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগ্রাম কমিটি গঠন করে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। দেশের মানুষকে রাস্তায় নামাতে হবে। সে আন্দোলনে জোটের সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণ করতে হবে। নইলে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার দেবে না এবং ক্ষমতাও ছাড়বে না।’বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার, সাংসদ আবদুল মোমেন তালুকদার, মোস্তফা আলী ও এ কে এম হাফিজুর রহমান, এলডিপির কেন্দ্রীয় নেতা মামদুদুর রহমান চৌধুরী, এনপিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, জামায়াতের জেলা আমীর শাহাবুদ্দিন, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের নেতা শামছুল হক, বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর প্রমুখ।