১৮ দলীয় নেতাদের পরোয়ানা প্রত্যাহার চেয়ে আবেদন
সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ২৯ নেতাকে আদালতে হাজির করার পরোয়ানা প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়েছে।গতকাল রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন করেন ২৯ আসামির আইনজীবীরা। ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান প্রাথমিক শুনানির পর এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন ১৪ জুন বৃহস্পতিবার।আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, মির্জা ফখরুলসহ ১৮ দলের শীর্ষস্থানীয় নেতারা ককটেল বিস্ফোরণের মামলায় জামিনে আছেন। অন্য একটি মামলায় গত বৃহস্পতিবার তাঁরা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। কিন্তু ওই দিনই রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ককটেল বিস্ফোরণের মামলায় আসামিদের আদালতে হাজির করার পরোয়ানা জারি করা হয়। এই পরোয়ানা প্রত্যাহার করা না হলে নেতাদের জামিনে মুক্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে।আসামিপক্ষের আরেক আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান, ১১ জুন ঢাকায় ১৮ দলীয় জোটের সমাবেশে যাতে শীর্ষস্থানীয় ওই সব নেতা অংশ নিতে না পারেন, সে জন্য আইনগত কৌশল অবলম্বন করে ওই পরোয়ানা প্রত্যাহার করা হয়নি।রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু, অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার, আসাদুজ্জামান খান ও তাপস কুমার পাল।