১৮ দলের অবরোধ, জামায়াতের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধ ও জামায়াতের হরতালে গতকাল সোমবার বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পিকেটিং করেছেন সমর্থকেরা। নীলফামারী ও বগুড়ার শেরপুর উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়ার আদমদীঘিতে মিছিল করে ফেরার সময় জামায়াতের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রংপুরে হরতালবিরোধী মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবির। এতে আওয়ামী লীগের আট নেতা-কর্মী আহত হন।
রোববার দিবাগত রাতে বগুড়া-১ আসনের সাংসদের বাড়ি লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ হয়েছে। একই সময়ে বগুড়ায় চারটি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা।
অবরোধ: রংপুরের পীরগাছা উপজেলায় গতকাল সকালে চৌধুরানী বাজারে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল করেছেন।পরে তাঁরা চৌধুরানী বাজারের চার মাথায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পাবনা সদরে পাবনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে ইট ফেলে ও সড়কে শুয়ে অবরোধ করেছে পৌর বিএনপি। পাবনা বিএনপির নেতা ও পৌরসভা মেয়র কামরুল হাসানের নেতৃত্বে বেলা ১১টায় এই কর্মসূচি পালন করেন তাঁরা। পরে অবরোধকারীরা একটি মিছিল বের করেন।
মিছিল: হরতাল ও অবরোধের সমর্থনে বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল বের করে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজার নেতৃত্বে মিছিলটি প্রধান ফটকে এলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান তাঁরা। এ সময় ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশ সদস্যরা রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেন। এতে পাঁচ নেতা-কর্মী আহত হন বলে দাবি করেছে ছাত্রদল। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
সিরাজগঞ্জের হরিণা পিপুলবাড়িয়া বাজারে গতকাল সকালে অবরোধবিরোধী মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিক প্রমুখ।
সংঘর্ষ, হামলা: নীলফামারীর বড়বাজার থেকে বেলা ১১টার দিকে বিএনপির একটি মিছিল বের হয়ে পৌর বাজারে দলীয় কার্যালয়ে যেতে চাইলে বড় মসজিদ এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ তাঁদের লাঠিপেটা করে একটি টিয়ার গ্যাসের শেল ও একটি ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করা হয়।
রংপুরের বেতপট্টি এলাকার জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে গতকাল দুপুর ১২টার দিকে একটি মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি শহরের সদর হাসপাতালের সামনে এলে মিছিল লক্ষ্য করে কয়েকটি ককটেল হামলা করে দুর্বৃত্তেরা। এতে আওয়ামী লীগের আট নেতা-কর্মী আহত হন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন। শহরে জুমঞ্চাপাড়া, শাপলা মোড়, পার্কের মোড়, মডার্ন মোড় ও পায়রা চত্বরে পাঁচটি অটোরিকশা ভাঙচুর করা হয়।
গ্রেপ্তার, আটক: নওগাঁর রানীনগরে হরতালের সমর্থনে মিছিল করে বাড়ি ফেরার সময় রানীনগর-আবাদপুকুর সড়কের হরিপুর এলাকা থেকে গতকাল সকালে জামায়াতের নয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর আগে রানীনগর থানার পুলিশ আবাদপুকুর কুতকুতি তলা থেকে রানীনগর থানা জামায়াতের সাবেক নায়েবে আমির মোফাজ্জল হোসেনকে আটক করে।
বগুড়ার শেরপুরে ছাত্রদলের নেতা মামুনুর রশিদ ওরফে আপেলকে (২৪) রোববার সন্ধ্যা সাতটায় উপজেলার কলেজ রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বগুড়া জেলা ছাত্রদলের কার্যনির্বাহী পরিষদের সদস্য বলে জানা গেছে। শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, তাঁকে গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
অগ্নিসংযোগ: বগুড়া শহরের চকলোকমান এলাকায় রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ আবদুল মান্নান এবং শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খানের বাড়িতে ককটেল নিক্ষেপ করেছেন হরতাল-সমর্থকেরা। একই সময়ে বগুড়ার প্রথম বাইপাসের চারমাথার কাছে উত্তরা মোটরস সার্ভিস সেন্টারে রাখা দুটি পিকআপ ভ্যান এবং বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়ায় দুটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।