১৮ দলের কর্মসূচি সমর্থন করবে খেলাফত মজলিস
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের কর্মসূচিকে সমর্থন দেবে বাংলাদেশ খেলাফত মজলিস। চারদলীয় জোট থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে পাঁচ দফা চুক্তি করে মহাজোটে যোগ দেওয়া দলটি গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছে।
গতকাল বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খেলাফতের জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুর রব ইউসুফী এ ঘোষণা দেন।
প্রয়াত শায়খুল হাদিস আজিজুল হক খেলাফতে মজলিসের প্রতিষ্ঠাতা। আওয়ামী লীগ পাঁচ দফা চুক্তি বাতিল করার পর দলটি আর কোনো জোটে যায়নি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘সরকার দাবি করছে উন্নয়নের কারণে জনগণ তাদের আবার ক্ষমতায় আনবে। এতই যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে এত ভয় কেন? ১৯৯৬ সালেও দেশে একটি সরকার ও একটি সংবিধান ছিল। কিন্তু তখন আওয়ামী লীগ সেই সরকার ও সংবিধানের অধীনে যায়নি। তাদের আন্দোলনের মুখেই বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফতের নায়েবে আমির ও শায়খুল হাদিসের ছেলে মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব তাফাজ্জল হক আজিজ, কেন্দ্রীয় নেতা জালাল উদ্দিন, আতাউল্লাহ আমিন, আবু সাঈদ নোমান প্রমুখ।