১৮ দলের কর্মীদের হামলায় যুবলীগ নেতা আহত
নোয়াখালীর সেনবাগ উপজেলা সদরে ১৮-দলীয় জোটের কর্মীদের হামলায় মো. শাহীন (৪৫) নামের যুবলীগের এক নেতা আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় শাহীনের মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকের নির্দেশে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শাহীন উপজেলার কাদরা ইউনিয়নের নন্দীরপাড় গ্রামের জানু মিয়ার ছেলে এবং যুবলীগের ইউনিয়ন কমিটির সদস্য বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে অবরোধের সমর্থনে ১৮দলীয় জোটের একটি মিছিল সেনবাগ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণকালে মালিবাড়ির কাছে মিছিলের পেছনের কয়েকজন কর্মী রিকশা থেকে যুবলীগ নেতা শাহীনকে নামিয়ে তাঁর ওপর হামলা চালান। হামলাকারীরা কাঠ দিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করেন। তাৎক্ষণিক মিছিলে থাকা জ্যেষ্ঠ নেতারা হামলাকারীদের নিবৃত করেন। পরে স্থানীয় লোকজন আহত শাহীনকে হাসপাতালে ভর্তি করেন।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইকুল আহমেঞ্চদ ভূঁইয়া। প্রথম আলোকে তিনি বলেন, শাহীন ইউনিয়ন যুবলীগের নেতা।