১৮ দলের জনসভার তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল ঘোষিত তিনটি জনসভার তারিখ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে বরিশালের জনসভা এক দিন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর এবং রংপুর ও রাজশাহীতে জনসভার তারিখ পরিবর্তন করে যথাক্রমে ১৫ ও ১৬ সেপ্টেম্বর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে গত সোমবার সংবাদ সম্মেলন করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটটি জনসভার তারিখ ঘোষণা করেছিলেন। সে সময় বরিশালে ২৮ সেপ্টেম্বর, রাজশাহীতে ১৫ সেপ্টেম্বর ও রংপুরে ১৬ সেপ্টেম্বর জনসভা করার কথা জানানো হয়েছিল।

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আটটি জনসভা করবে ১৮ দল। এসব জনসভায় বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সংশোধিত ঘোষণা অনুযায়ি, আগামী ৮ সেপ্টেম্বর নরসিংদীতে, ১৫ সেপ্টেম্বর রংপুরে, রাজশাহীতে ১৬ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর খুলনায়, ২৯ সেপ্টেম্বর বরিশালে, ৫ অক্টোবর সিলেটে এবং ঈদুল আজহার পর চট্টগ্রাম ও ঢাকায় জনসভা করবে ১৮-দলীয় জোট।