১৮ দলের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে গিয়ে আজ মঙ্গলবার পুলিশের হাতে আটক হয়েছেন ১৮-দলীয় জোটের শরিক দলের একজন শীর্ষ নেতাসহ দুজন।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন ১৮ দলের শরিক ইসলামিক পার্টির মহাসচিব আবদুর রশীদ প্রধান ও কৃষক দলের নেতা সুলতান আহমেদ।

দুপুর ১২টার দিকে এই দুই নেতাকে আটকের পর নাশকতার অভিযোগ করা এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদী হাসান বলেন, ‘তাঁদের নামে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। যারা নাশকতা করে, তাদের আমরা খুঁজছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা তাঁদের গ্রেপ্তার করেছি।’

পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান দুপুরের দিকে জনিয়েছিলেন, আজ বিকেলে আবদুর রশীদ প্রধান ও সুলতান আহমেদকে আদালতে হাজির করা হবে।  তবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তাঁদের পল্টন থানায়ই রাখা হয়।

এর আগে ৭ নভেম্বর রাতে বিএনপির পাঁচজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়।