১৮ দলের নাশকতায় বাণিজ্যে অপূরণীয় ক্ষতি হয়েছে: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ১৮-দলীয় জোটের হত্যা, খুন, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, নাশকতা ও গণবিরোধী কর্মসূচির কারণে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যে অপূরণীয় ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ী সংগঠন ও গবেষণা সংস্থার হিসাব অনুযায়ী হরতালে প্রতিদিন দেশের অর্থনীতিতে ক্ষতির পরিমাণ এক হাজার ৬০০ কোটি টাকা। এফবিসিসিআই ও অন্যান্য সংস্থার হিসাব অনুযায়ী, গত নভেম্বর-ডিসেম্বরে পোশাকশিল্পে ক্ষতি হয়েছে সাত হাজার কোটি টাকা। বিরোধী দলের কর্মসূচিতে হিমায়িত মত্স্য কারখানার ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা। চামড়াশিল্পের ক্ষতি ৭০০ কোটি টাকা।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিনিয়োগ বোর্ডের হিসাব অনুযায়ী, আগের দুই বছরের তুলনায় ২০১৩ সালে স্থানীয় বিনিয়োগে নিবন্ধন ১৫ শতাংশ কম ছিল। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বৈদেশিক বিনিয়োগ নিবন্ধিত হয়েছে ৪৪টি, যা গত অর্থবছরের অর্ধেক। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২৯টি বাণিজ্যিক ব্যাংক লোকসানে ছিল। গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রাজস্ব আয় হয়েছে ৪০ হাজার ৯০০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৬ হাজার কোটি টাকা কম।

হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ফরমালিন আমদানি, উত্পাদন, বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণের জন্য ‘ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০১৩’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। আইনটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।

ফেনী-৩ আসনের সাংসদ রহিম উল্লাহর প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২ দশমিক ১ মিলিয়ন। তবে শিক্ষিত বেকারের কোনো পরিসংখ্যানের নেই।

৮৭ লাখ ৫১ হাজার কর্মী বৈধভাবে বিদেশে গেছেন

গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রবাসী বাংলাদেশিদের ৮০ ভাগই মধ্যপ্রাচ্যে কাজ করেন। পরিসংখ্যান মতে, ২০১৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৮৭ লাখ ৫১ হাজার কর্মী বৈধভাবে বিদেশে গমন করেছেন। কোনো দেশে বিদেশি কর্মীর সংখ্যা বেশি হয়ে গেলে তারা ভারসাম্য রক্ষার চেষ্টা করে। যে কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশি কর্মীদের কাজ করার সুযোগ কমে গেছে। বর্তমানে তারা দক্ষ ও প্রশিক্ষিত জনবল নেওয়ার ব্যাপারে আগ্রহী।

মন্ত্রী আরও বলেন, চুক্তিপত্রের মেয়াদ শেষ অথবা পালিয়ে যাওয়ার কারণে সৌদি আরবে অনেকেই অবৈধ হয়ে পড়েছেন। সৌদি সরকার এদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে সরকারের কূটনৈতিক তত্পরতায় এই সংকটের সমাধান সম্ভব হয়েছে।