১৮ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের শুনানি ২৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ১৮ দলীয় জোটের ১৪৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আগামী বৃহস্পতিবার। গতকাল সোমবার দ্রুত বিচার আদালতের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান এই তারিখ ধার্য করেন।আদালত সূত্র জানায়, গতকাল আসামিপক্ষের আইনজীবীরা এক দরখাস্তের মাধ্যমে আদালতকে বলেন, ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ১৫৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ওই দিন পুলিশ বাদী হয়ে পল্টন থানায় দুটি মামলা করে। দ্রুত বিচার আইনের এই মামলায় গ্রেপ্তার ১৫৪ জন নেতা-কর্মীর মধ্যে ১৫১ জনকে ২০ মার্চ দ্রুত বিচার আইনের মামলায় তিন দিন এবং দণ্ডবিধির মামলায় পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। এর মধ্যে একটি মামলায় রিমান্ড শেষ হয়েছে, অন্য মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনজীবীরা আসামিদের উপস্থিতিতে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির আবেদন জানান। আদালত শুনানি শেষে ২৮ মার্চ আসামিদের উপস্থিতিতে শুনানির তারিখ ধার্য করেন।গত রোববার পল্টন মডেল থানার পুলিশ এই ১৪৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এঁদের মধ্যে রয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, বিএনপির কেন্দ্রীয় নেতা জেড এম জাহিদ হোসেন, হাবিবুর রহমান, এ এন এম আবেদ রাজা, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।