১৮ দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২৪, গ্রেপ্তার ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের স্টেশন রোডে গতকাল সোমবার দুপুরে পুলিশের সঙ্গে ১৮ দলের নেতা-কর্মীদের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার গাইবান্ধা শহরে অর্ধদিবস হরতাল ডেকেছে ১৮ দল।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে স্থানীয় শহীদ মিনার চত্বরে ১৮ দল সমাবেশ করে। সমাবেশ শেষে একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। মিছিলটি পৌরসভা কার্যালয়ের সামনে থেকে স্টেশন রোডের দিকে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপি-জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটি রাবার বুলেট ও কাদানে গ্যাসের তিনটি সেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে বিএনপির কর্মী মাধবী সরকার, আবদুল হামিদ, মোশারফ হোসেন, জেলা শিবিরের সভাপতি ফয়সাল কবীর, তাহেরুল ইসলামসহ ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউছুল আজম বলেন, পুলিশ সরকারি দলের উসকানিতে ১৮ দলের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত লাঠিচার্জ করে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে।