১৮ দলের বিক্ষোভ
নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে নোয়াখালীতে গতকাল রোববার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১৮-দলীয় জোট।
বিকেল পৌনে পাঁচটার দিকে শহরের পৌর বাজার থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিকেল চারটার দিকে পৌর বাজারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সেলিম। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর, শহর জামায়াতের আমির রুহুল আমিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের, জামায়াতের নেতা তাজুল ইসলাম ও বিএনপির নেতা সহিদুল ইসলাম।
দীঘিনালায় বিক্ষোভ: দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে।
উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।