১৮ দলের মিছিলে পুলিশের লাঠিপেটা সংঘর্ষ, আহত ২৫
গাইবান্ধা শহরে গতকাল বুধবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় এক পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে শহরের সার্কুলার সড়কের বিএনপির কার্যালয়ের সামনে থেকে ১৮ দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ট্রাফিক মোড় অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তার পরও মিছিলটি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ বিএনপির কার্যালয়ে ঢুকে নেতা-কর্মীদের লাঠিপেটা করে। মিছিলকারীরা বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেলে পুলিশ কনস্টেবল সোহরাব হোসেনসহ অন্তত ২৫ জন আহত হয়। সোহরাবকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অন্তত ১৫ জন সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়। বেলা দেড়টার দিকে ১৮ দলের নেতা-কর্মীরা গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) এ কে এম নাহিদুল ইসলামের অপসারণ দাবি করেন। যোগাযোগ করা হলে এসপি নাহিদুল ইসলাম পাঁচটি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।এক প্রশ্নের জবাবে এসপি সাংবাদিকদের বলেন, ‘লাঠিপেটায় ১০০ জন আহত হওয়ার কথা বলেছে বিএনপি। আপনারা ৫০০ জন আহত হওয়ার কথা লিখে দেন। এটা আমার জন্য ভালো। আমি আরও ভালো জায়গায় পোস্টিং পাব।’