১৮ দলের সমাবেশ হয়নি কাল নতুন তারিখ
পুলিশের অনুমতি না পাওয়ায় গতকাল সোমবারের সমাবেশ স্থগিত করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। কাল বুধবার বেলা তিনটায় নয়াপল্টনে সমাবেশের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। জোটের শরিক জামায়াতে ইসলামী নাশকতা করতে পারে, এমন আশঙ্কায় পুলিশ অনুমতি দেয়নি। আর পুলিশের সিদ্ধান্ত মেনে নিয়েছে বিএনপি।গতকাল সোমবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান সমাবেশ স্থগিতের কথা জানান। তিনি বলেন, এ সমাবেশের জন্য তিন দিন আগে অনুমতি চেয়ে পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু অনুমতি মেলেনি। তাঁর অভিযোগ, সরকার বিরোধী দলকে সমাবেশ করতে না দিয়ে সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। বিএনপি ও ১৮-দলীয় জোটের একাধিক সূত্র জানায়, মূলত দুটি কারণে সমাবেশ স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা হয়। পুলিশ ও বিএনপির নেতারা বলেছেন, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে সমাবেশ স্থগিত হয়েছে। সমাবেশ করতে বাধা দেওয়া হয়েছে, এমনটা বলা যাবে না। তবে ১৮ দলের একটি সূত্র বলেছে, মঙ্গলবার হরতাল ডাকায় জামায়াতের পক্ষে এই কর্মসূচিতে অংশ নেওয়া সম্ভব হতো না। সমাবেশ শেষে তাদের মধ্যে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ছিল। পুলিশের অনুমতি দিতে না চাওয়ার বিষয়টি মেনে নেওয়ার এটাও একটা কারণ।সমাবেশ স্থগিত করার নেপথ্যে: বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত দুটি কারণে সমাবেশ স্থগিত করেছে ১৮-দলীয় জোট। এক, জামায়াতের হরতাল সামনে রেখে সহিংসতার আশঙ্কা। কারণ, সমাবেশ করার পর কোনো ঝামেলা হলে তার দায় প্রধানত বিএনপির ওপরই বর্তাবে। নতুন নতুন মামলায় বিএনপির নেতাদের জড়ানো হবে। বিএনপি এ মুহূর্তে তা এড়াতে চায়। এ কারণে ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে’ সমাবেশ স্থগিত করা হয়েছে।তা ছাড়া জাতিসংঘের একটি প্রতিনিধিদল বাংলাদেশে সফর করছে। গতকাল দুপুরে দলটি আবারও বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছে। এ অবস্থায় সমাবেশের অনুমতি না পাওয়াকে কাজে লাগাতে চেয়েছে বিএনপি। দলটি জাতিসংঘের প্রতিনিধিদের বোঝাতে চায়, সরকার মুখে আলাপ-আলোচনার কথা বললেও বাস্তবে তারা এ বিষয়ে আন্তরিক নয়। সভা-সমাবেশ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।