১৮ দলের হরতাল যৌক্তিক: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে যৌক্তিক বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি আশা প্রকাশ করেন, এই হরতাল জনগণ শান্তিপূর্ণভাবে পালন করবে।গতকাল শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এরশাদ এ দাবি করেন। ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাপার চেয়ারম্যান জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধী দল হরতাল আহ্বান করেছে। আমি মনে করি, তাদের এই হরতাল যৌক্তিক। তবে, হরতালকে কেন্দ্র করে কোনো প্রকার সংঘাত-সহিংতার ঘটনা যাতে না ঘটে।’ এরশাদ বলেন, সরকার কারও সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই একতরফাভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সরকারের এই সিদ্ধান্তে জনজীবনে সংকট আরও ঘনীভূত হবে। এতে মানুষের সমস্যা আরও বাড়বে। জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় এনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।