১৮ দলের ৩৪ নেতা-কর্মীর জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ ১৮-দলীয় জোটের ৩৪ নেতা-কর্মীর জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আনিসুর রহমান এ আদেশ দেন।এর আগে গত ২০ মার্চ পল্টন মডেল থানার দুটি মামলায় মুখ্য মহানগর হাকিম আদালত এই ৩৪ জনসহ ১৮-দলীয় জোটের ১৫১ জন নেতা-কর্মীর জামিনের আবেদন নাকচ করেন। ওই আদেশের বিরুদ্ধে ও জামিন চেয়ে এই ৩৪ জন মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি বিবিধ বিধিতে আবেদন করেন। গতকাল শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন।১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ এ ঘটনায় ১৮-দলীয় জোটের ১৫৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ওই দিন পল্টন থানায় দুটি মামলা করে। এ দুটি মামলায় ২০ মার্চ ১৫১ জনের জামিন আবেদন বাতিল করে তাঁদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। বাকি তিনজনেরও জামিনের আবেদন নাকচ করা হয়। এর মধ্যে দ্রুত বিচার আইনে করা মামলায় ২৪ মার্চ পল্টন থানার পুলিশ জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ, মোহাম্মদ শাহজাহান, জেড এম জাহিদ হোসেন, হাবিবুর রহমান, আবেদ রাজা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানসহ ১৪৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ৩১ মার্চ ঢাকার দ্রুত বিচার আদালত-৬-এর বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান অভিযোগপত্র আমলে নিয়ে ১৭ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন। পুলিশকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা অপর মামলা তদন্তাধীন।