১৮ দিন পর অপহূত শিশু উদ্ধার, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১৮ দিন পর টাঙ্গাইলের ১১ মাস বয়সী শিশু নয়নকে গতকাল শনিবার সকালে উদ্ধার করেছে মির্জাপুর থানার পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের সদর উপজেলার চর কপতাস গ্রামের আবদুল মতিন (৬০) ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম (৫০)। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শিশুদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিলেন।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, কাপড়ের ব্যবসায়ী পরিচয় দিয়ে সিরাজগঞ্জের আবদুল মতিন মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার নাজিরপাড়া গ্রামের আবদুল লতিফের একটি ঘর ভাড়া নেন। ৪ জানুয়ারি মতিন কৌশলে লতিফের ১১ মাস বয়সী নাতি নয়নকে অপহরণ করেন। এ ঘটনায় পরের দিন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন লতিফ। ওসি হাবিবুল্লাহ জানান, অপরণের পর মতিন মুঠোফোনে আবদুল লতিফকে জানান, তিনি কাপড়ের ব্যবসায়ী নন, অপহরণকারী চক্রের সদস্য। নাতি নয়নকে পেতে ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। বিষয়টি তৎক্ষণাৎ পুলিশকে জানানো হয়। পরে লতিফ আলোচনার মাধ্যমে মতিনকে এক লাখ টাকা দেওয়ার আশ্বাস দেন। ওই টাকা ব্যাগে ভরে শুক্রবার রাত নয়টার দিকে সদর উপজেলার রসুলপুর রেললাইনের কাছে রাখার নির্দেশ দেন মতিন। গতকাল সকাল আটটার দিকে ব্যাগভর্তি ওই টাকা নিতে গেলে মতিনকে গ্রেপ্তার করে ওত পেতে থাকা পুলিশ।ওসি জানান, গ্রেপ্তারের পর মতিনের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কালিহাতীর এলেঙ্গার কাছে মুসিন্দা গ্রামের ইসমাইল মণ্ডলের বাড়ি থেকে অপহূত শিশু নয়নকে উদ্ধার করা হয়। ওই বাড়ি থেকে অপহরণকারী দলের অপর সদস্য মতিনের স্ত্রী মরিয়ম বেগমকেও গ্রেপ্তার করা হয়।