১৮ দিন পর পিনাকের এক যাত্রীর লাশ উদ্ধার
পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের আরও এক যাত্রীর লাশ গতকাল শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ গ্রামের কাছে সুগন্ধা নদী থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মিন্টু মোল্লা। বাড়ি গোপালগঞ্জের মুকছুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া গ্রামে। দুই শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ লঞ্চ গত ৪ আগস্ট ডুবে যায়। এ দুর্ঘটনায় এ নিয়ে লঞ্চটির ৪৮ যাত্রীর লাশ উদ্ধার করা হলো। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৬০ জন।
পরিবার সূত্র জানায়, পিনাক-৬ লঞ্চডুবির পর সরকারিভাবে করা নিখোঁজ ব্যক্তিদের তালিকায় ৩৭ নম্বরে মিন্টু মোল্লার নাম ছিল।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে জানান, স্থানীয় বাসিন্দারা গলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় মিন্টুর (২৪) পরনের প্যান্টের পকেট থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়। এর সিমকার্ড অন্য একটি মুঠোফোনে ব্যবহার করে নম্বর তালিকা থেকে তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবারের পক্ষ থেকে মিন্টুর চাচা বাবুল মোল্লা ও মামা মুরাদ হোসেন বিকেল চারটার দিকে লাশটি শনাক্ত করেন। বিকেল পাঁচটার দিকে তাঁরা লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন।
মিন্টুর বাবা মো. ছালাম মোল্লা মুঠোফোনে বলেন, তাঁর ছেলে সিলেটে কাপড়ের ব্যবসা করতেন। ঈদে গ্রামের বাড়িতে আসেন। ঈদ শেষে পিনাক-৬ লঞ্চে ঢাকা হয়ে সিলেট যাওয়ার কথা ছিল। কিন্তু কাওড়াকান্দি থেকে মাওয়া যাওয়ার পথে লঞ্চটি পদ্মা নদীতে ডুবে যায়। এর পর থেকে মিন্টুর আর কোনো সন্ধান মেলেনি। এখন পাওয়া গেল তাঁর লাশ।