১৮ দিন পর সেপটিক ট্যাংকে মিলল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় অপহরণের ১৮ দিন পর কলেজছাত্র অনিক চন্দ্র রায়ের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে শহরের থানাপাড়া এলাকার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করা হয়।
অপহরণের ঘটনায় শনিবার পর্যন্ত পাঁজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সোহেল খান (২৫), রুবেল (২০), নাজমুল হোসেন (২২), সালাউদ্দিন (২২) ও হূদয় (২০)।
অনিকের বাবা শহরের থানাপাড়া এলাকার ব্যবসায়ী সুবল চন্দ্র রায় জানান, অনিক বরগুনা সরকারি কারিগরি (ভোকেশনাল) ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় থানাপাড়া এলাকার বাড়ি থেকে চা পানের জন্য বাইরে গিয়ে তিনি নিখোঁজ হন। এরপর অপহরণকারীরা তাঁর কাছে দুই দফায় মুঠোফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
পুলিশ জানায়, এক সপ্তাহ আগে সোহেল ও রুবেল নামের দুই যুবককে আটক করা হয়। গত শুক্রবার বিকেলে শহরের সোনিয়া সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে নাজমুলকে আটক করা হয়। এ সময় অনিকের সিমটিও জব্দ করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে নাজমুল জানান, থানাপাড়া এলাকার সালাউদ্দিন নামের এক যুবক অনিকের সিমটি তাঁকে দিয়েছেন। এর সূত্র ধরে শনিবার দুপুরে পুলিশ শহরের সোনিয়া সিনেমা হল এলাকা থেকে সালাউদ্দিনকে আটক করে। একই দিন সালাউদ্দিনের আরেক সহযোগী হূদয়কেও আটক করা হয়।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সালাউদ্দিন জানান, তিনি একজন কাঠমিস্ত্রি এবং তাঁর সহযোগী হূদয় বরগুনা সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। অনিক এবং তাঁরা দীর্ঘদিন ধরে একসঙ্গে মাদক সেবন করতেন। তাঁরা অনিককে অপহরণ করে তাঁর বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করতে চেয়েছিলেন। এ জন্য গত ১৯ সেপ্টেম্বর মাদক সেবনের জন্য অনিককে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পেছনের দিকে নিয়ে যান। সেখানে প্রথমে তাঁকে মদ পান করানো হয়। পরে গাঁজা সেবন করানো হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে মৃত্যু হয়েছে ভেবে তাঁরা অনিককে সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেন। হত্যাকাণ্ডে তাঁরা দুজনসহ আরও তিনজন জড়িত ছিলেন বলে তিনি জানান।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা প্রথম আলোকে বলেন, অনিকের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক পাঁচ যুবকের সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল রোববার দুপুরে আদালতে আবেদন জানানো হয়েছে।