১৮ দিন বন্ধ থাকার পর ছাপা হচ্ছে ইনকিলাব
ছাপাখানা খুলে ও জব্দ করা মালামাল ফেরত দিয়ে দৈনিক ইনকিলাব প্রকাশের সুযোগ করে দেওয়া হয়েছে। ১৮ দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে আবারও বাজারে আসছে ইনকিলাব।
গত শনিবার সন্ধ্যায় ইনকিলাব-এর ছাপাখানার সিলগালা খুলে দেয় পুলিশ। আর গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ইনকিলাব আইনজীবীদের মাধ্যমে কার্যালয় থেকে জব্দ করা মালামাল জিম্মায় নেওয়ার আবেদন করে। মহানগর হাকিম শামসুল আরেফিন ওই আবেদন মঞ্জুর করেন।
পত্রিকাটির নগর সম্পাদক সাখাওয়াত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, গতকাল থেকে কাজ শুরু হয়েছে। আজ ইনকিলাব বাজারে আসবে।
গত ১৬ জানুয়ারি ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শীর্ষক একটি সংবাদ ইনকিলাব-এ প্রকাশিত হয়। ওই দিন সন্ধ্যায় এ বিষয়ে ওয়ারী থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করে পুলিশ। ওই রাতেই রামকৃষ্ণ মিশন রোডে ইনকিলাব-এর কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। পত্রিকাটির ছাপাখানা, কম্পিউটার কক্ষ সিলগালা করে দেয়। গ্রেপ্তার করা হয় পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপপ্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদ ও কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিককে।
পাঁচ দিন পুলিশি হেফাজতে (রিমান্ড) থাকার পর গত ২৯ জানুয়ারি এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আহমেদ আতিক। আতিকসহ ইনকিলাব-এর তিন সাংবাদিকই বর্তমানে কারাগারে রয়েছেন।
এদিকে পত্রিকাটি প্রকাশের সুযোগ করে দেওয়ায় গতকাল এর সম্পাদক এ এম এম বাহাউদ্দীন কর্মরত সব সাংবাদিক ও কর্মচারীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। পত্রিকাটির নগর সম্পাদক সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জানুয়ারি সংবাদটি প্রকাশের পর ১৭ জানুয়ারি থেকে পত্রিকাটির অনলাইন সংস্করণে অনুতাপ ও দুঃখ প্রকাশ করে আসছে ইনকিলাব।
বিজ্ঞপ্তিতে সম্পাদক বাহাউদ্দীন আরও বলেন, বাংলাদেশের সুনামহানি হয় এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে—এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ইনকিলাব আরও সতর্কতা অবলম্বন করবে।