ঈদুল আজহা সামনে রেখে মিয়ানমার থেকে আসছে প্রচুর গরু। চলতি আগস্ট মাসে গতকাল শুক্রবার পর্যন্ত ১৮ দিনে গরু এসেছে প্রায় সাত হাজার। এসব গরু খালাস হচ্ছে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ করিডর দিয়ে।
টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এ কে এম মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মিয়ানমার থেকে কোরবানির পশু আসা আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আমরা মিয়ানমার থেকে আরও বেশি পশু আনতে ব্যবসায়ীদের উৎসাহিত করছি। করিডর দিয়ে পশু আমদানির ক্ষেত্রে গরু ও মহিষপ্রতি ৫০০ ও ছাগলের জন্য ২০০ টাকা হারে রাজস্ব পরিশোধ করতে হয়।’
স্থলবন্দর সূত্র জানায়, গতকাল বিকেল পর্যন্ত গরু এসেছে ৪৩১টি। এ নিয়ে চলতি মাসে ১৮ দিনে করিডর দিয়ে এসেছে ৭ হাজার ৭৯২টি কোরবানির পশু। এর মধ্যে গরু ৬ হাজার ৮৭১টি, মহিষ ৯২০টি ও একটি ছাগল। এসব পশু আমদানির বিপরীতে সরকার রাজস্ব পেয়েছে ৩৮ লাখ ৯৫ হাজার ৭০০ টাকা। গত জুলাই মাসে মিয়ানমার থেকে করিডর দিয়ে আসে ৬ হাজার ৭৭০টি পশু। এর মধ্যে ৪ হাজার ৭৪০টি গরু, ২ হাজার ২৯টি মহিষ ও একটি ছাগল ছিল, যার বিপরীতে সরকার রাজস্ব পেয়েছে ৩৩ লাখ ৮৪ হাজার ৭০০ টাকা। আগস্ট মাসের বাকি ১৩ দিনে আরও ৭ হাজার পশু আসতে পারে বলে ধারণা করছেন শুল্ক কর্মকর্তারা।
গত বৃহস্পতিবার সকালে করিডরে গিয়ে দেখা গেছে, ছয়টি কাঠের ট্রলার বোঝাই করে নাফ নদীতে (করিডরের জেটিতে) আনা হয়েছে মিয়ানমারের ৬১২টি গরু। এর মধ্যে একটি ট্রলারে করে ১০১টি গরু নিয়ে আসেন শাহপরীর দ্বীপের ব্যবসায়ী আবুল হাশেম। দুটি ট্রলারে বোঝাই করে ২৯২টি গরু নিয়ে আসেন টেকনাফের ব্যবসায়ী শহিদুল ইসলাম। এ ছাড়া টেকনাফের মংমং সেন ১৫৫টি, জাহাঙ্গীর আলম ৩৪টি ও নুর মোহাম্মদ ৩০টি কোরবানির গরু নিয়ে আসেন করিডরে।
পাইকারি ব্যবসায়ীরা করিডর থেকেই পশু কিনে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট ও ঢাকায় সরবরাহ দিচ্ছেন।
টেকনাফের পাইকারি গরু ব্যবসায়ী আবদুল্লাহ মনির বলেন, দুই থেকে তিন মণ ওজনের প্রতিটি গরু করিডরে ৫৫ থেকে ৬০ হাজার টাকায় এবং তিন থেকে পাঁচ মণ ওজনের গরু ৭০ থেকে ৯০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এসব গরু কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে অন্তত ২০ থেকে ৪০ হাজার টাকা বেশি দামে।