১৮ দিনেই ফল প্রকাশ!
চলতি বছরের ২ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১৮ দিনের মাথায় গতকাল সোমবার ফলাফল প্রকাশ করেছে ওই বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগ যেখানে ছয় থেকে সাত মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ করতে পারেনি, সেখানে অল্প সময়ে ফলাফল প্রকাশ করে সংস্কৃত বিভাগ নজির সৃষ্টি করেছে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।
সংস্কৃত বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১১ মার্চ সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা শুরু হয়ে ২ মে শেষ হয়। গতকাল বিভাগের নোটিশ বোর্ডে ওই বর্ষের ফলাফলের তালিকা সাঁটিয়ে দেওয়া হয়। ওই বর্ষের ৪১ জন শিক্ষার্থী ইতিমধ্যেই তাঁদের ফলাফল হাতে পেয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করার দিক দিয়ে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদে এটি রেকর্ড বলে জানা গেছে। ওই বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি শিপক কৃষ্ণ দেবনাথ বলেন, বিভাগের শিক্ষকদের আন্তরিকতা ও সহযোগিতার কারণে দ্রুত ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে।
বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সুপ্তিকণা মজুমদার বলেন, ‘সেশনজট নিরসনে আমরা বিভাগের অন্যান্য বর্ষের ফলাফলও অল্প সময়ের মধ্যে প্রকাশের চেষ্টা করছি।