১৮ দিনেও অপরাধী চিহ্নিত না হওয়ায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনকে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব রক্ষার আন্দোলন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকেরা। হত্যার ১৮তম দিনে এসেও অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনতে পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে হত্যা মামলার যৌক্তিক অগ্রগতি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান শিক্ষকেরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চলমান কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষকদের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ক্যাম্পাসে গ্রীষ্মকালীন ছুটির মধ্যে চলা এ কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক, প্রক্টর মুজিবুল হক আজাদ খানসহ প্রায় তিন শ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেন।
উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বলেন, ‘অধ্যাপক রেজাউল হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলন বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এ হত্যার বিচার নিশ্চিত করে আমার ও আপনার মধ্যে যে আতঙ্ক নেমে এসেছে, তা থেকে মুক্তি পেতে চাই। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই মিলে একসঙ্গে আন্দোলন চালিয়ে যেতে হবে।’
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ বলেন, ‘অধ্যাপক রেজাউল হত্যার পর আমরা আন্দোলন করে বিচার দাবি করে আসছি। এ দাবি শুধু শিক্ষক সমিতির নয়, ইংরেজি বিভাগের নয়, শুধু সিদ্দিকী পরিবারের নয়, এ দাবি বিশ্ববিদ্যালয় পরিবারের। আমরা দেখতে চাই, প্রকৃত অপরাধীদের ধরা হয়েছে, শাস্তি হয়েছে। এ শাস্তি নিশ্চিত হলেই কেবল বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তাহীনতা দূর হবে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক এ এফ এম মাসউদ আখতার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আজম শান্তনু, কার্যনির্বাহী সদস্য সুমনা সরকার, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক সফিকুন্নবী সামাদী প্রমুখ। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদুল্লাহ্ কলাভবনের সামনে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ এসে সমাবেশ করে।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার কাছেই অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।