কলেজছাত্রী এক নৃত্যশিল্পীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি জুয়েল হাসানকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার ১৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ বলছে, তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ জানুয়ারি সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর মঞ্চে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বামীকে সঙ্গে নিয়ে নৃত্য পরিবেশন করতে আসেন খুলনার ওই নৃত্যশিল্পী। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের নেতা জুয়েল হাসান টাকা দেওয়ার নাম করে তাঁদের শহরের কটিয়া এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) নাজমুল হুদার বাড়িতে নিয়ে যান। সেখানে একটি ঘরের মধ্যে তাঁকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন জুয়েল। এ ঘটনার পরদিন ৫ জানুয়ারি ওই দুই ছাত্রলীগের নেতার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন ওই নৃত্যশিল্পী। একই দিন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শেখ জুয়েল হাসান ও নাজমুল হুদাকে সংগঠন থেকে বহিষ্কার ও সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়।মামলা হওয়ার পর ওই রাতেই ছাত্রলীগের নেতা পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এখনো গ্রেপ্তার হননি প্রধান আসামি জুয়েল।মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) রতন শেখ জানান, জুয়েলকে গ্রেপ্তারে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তবে তাঁকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ তৎপর রয়েছে।