মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রংপুরে গ্রেপ্তার হওয়া ২৫ নারীর মধ্যে গত শনিবার পর্যন্ত ১৮ জনের জামিন হয়েছে। জেলার অতিরিক্ত বিচারিক আদালত থেকে গত তিন দিনে তাঁরা এ জামিন পান।প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে গত ৮ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নে বিনোদনকেন্দ্র ভিন্নজগত থেকে ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়। রংপুর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, জামিন পাওয়া ১৮ নারী হলেন বরিশালের শিখা রানী সরকার, মেহেরপুরের মোহাবাতুন্নেছা, নওগাঁর দীপা কুমার, ময়মনসিংহের আঁখি রানী, শামীমা পারভীন, শাহনাজ, লিজা, চাঁদপুরের মরিয়মনেছা, সাতকানিয়ার সুলতানা পারভীন, যশোরের ছালমা খান, টাঙ্গাইলের ঝরনা, রংপুরের শাপলা, জয়পুরহাটের বিলকিছ, পিরোজপুরের মাহবুবা বীথি, জামালপুরের হোমায়রা জান্নাত, বগুড়ার ফারহানা, রাজশাহীর ওয়াহিদা আক্তার ও রোজিনা ইসলাম।মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রংপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে প্রতিদিনই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি শুধু যে রংপুরেই প্রশ্নপত্র ফাঁস করেছে তা নয়, দেশের বিভিন্ন জেলায়ও তাদের চক্র রয়েছে। এক জায়গায় প্রশ্ন ফাঁস হলে এই চক্রের মাধ্যমে সারা দেশেই চলে যায়। পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী ঢাকায় বিজি প্রেস ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) চারজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।