বরিশাল বিভাগের বিভিন্ন পথে চলাচলকারী ১৮টি ফেরির সব কটিই মেয়াদোত্তীর্ণ। এসব ফেরি জোড়াতালি দিয়ে কোনোরকমে চলাচল চালু রাখা হয়েছে। প্রায়ই মাঝনদীতে এসব ফেরির ইঞ্জিন বিকল হওয়ায় দুর্ভোগে পড়ছে যাত্রীরা। এভাবে দক্ষিণাঞ্চলে ফেরি চলাচলব্যবস্থা ক্রমেই নাজুক হয়ে পড়ছে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) দেওয়া তথ্য অনুযায়ী, বরিশাল জেলায় লক্ষ্মীপাশা, গোমা, নেহালগঞ্জ, বেলতলা, মীরগঞ্জ ও বানারীপাড়ায় ছয়টি ফেরি চলাচল করে। এ ছাড়া পিরোজপুর জেলার চরখালী, বেকুটিয়া ও আমড়াঝুড়িতে তিনটি; পটুয়াখালীর লেবুখালী, বগা, গলাচিপা, পায়রাকুঞ্জ ও নলুয়াবাহেরচরে পাঁচটি; বরগুনার আমতলী ও বড়ইতলা ঘাটে দুটি; ঝালকাঠির ষাটপাকিয়া ও আমুয়ায় দুটি মিলিয়ে বরিশাল বিভাগে ১৮টি ফেরি চলাচল করছে। এর মধ্যে লেবুখালী, চরখালী, আমতলী ও বেকুটিয়া ঘাট থেকে চলাচলকারী ফেরিগুলো খুবই গুরুত্বপূর্ণ। এ ঘাটগুলো দিয়ে ২৪ ঘণ্টাই যানবাহন পারাপার হয়। এসব ঘাটে বর্তমানে ৩১৫ অশ্বশক্তির ইউটি টাইপ-১ ফেরি চলাচল করছে। অন্যগুলোয় ২০০ অশ্বশক্তির ইউটি টাইপ-২ ফেরি চলাচল করছে।
ফেরি রক্ষণাবেক্ষণ বিভাগের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ইংল্যান্ডে নির্মিত এসব ফেরির ইঞ্জিন বেশির ভাগই ১৯৮০ থেকে ১৯৮২ সালের মধ্যে আনা। এগুলোর মেয়াদ ১০ থেকে ১২ বছর। ফেরিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় কখনো কখনো স্রোতের বিপরীতে চলতে হিমশিম খায়। কখনো সামান্য পথ পাড়ি দিতে দীর্ঘ সময় লাগে। এতে বাড়তি চাপ পড়ায় ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে ফেরি বিকল হওয়ার আশঙ্কা থাকে। বরিশালের কীর্তনখোলা নদীর বেলতলার ফেরিটি এভাবে প্রায়ই মাঝপথে যানবাহন ও যাত্রী নিয়ে কীর্তনখোলার স্রোতে ঘুরপাক খায়। ইজারাদার খবির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। একইভাবে বরগুনার পায়রা নদীতে আমতলী-পুরাকাটা পথের ফেরি প্রায়ই মাঝনদীতে বিকল হয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।
পিরোজপুরের চরখালী, বেকুটিয়া, আমড়াঝুড়ি—এই তিন গুরুত্বপূর্ণ ঘাটের দায়িত্বে থাকা প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ ঘাটগুলোর জন্য বাড়তি ইঞ্জিন মেরামত করে রাখেন তাঁরা। নতুন ইঞ্জিন পাওয়া যাচ্ছে না বলে পুরোনো ইঞ্জিন ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয়ে মেরামত করে চলাচলের উপযোগী রাখতে হয়, যা আবার দেড় থেকে দুই মাসের মধ্যেই বিকল হয়ে যায়।
বরগুনা-আমতলী পথের যাত্রী আবুল হাসান বলেন, এই পথে দুটি ফেরি থাকলেও একটি বিকল হয়ে আছে দীর্ঘদিন। যেটি চালু আছে, সেটি প্রায়ই মাঝনদীতে বিকল হয়ে পড়ে। কুয়াকাটাগামী বাসের চালক মজিবর রহমান বলেন, বরিশাল থেকে কুয়াকাটা যেতে এখন শুধু লেবুখালীতে ফেরি রয়েছে। এ পথের ফেরিটি প্রায়ই বিকল হওয়ায় যাত্রীরা বাস থেকে নেমে ট্রলারে পার হয়। পাথরঘাটার মাছ ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, সড়কপথে চরখালীর ফেরি পার হয়ে বিভিন্ন জায়গায় মাছের চালান পাঠান। ফেরি বিকল হলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে মাছের গুণগত মান নষ্ট হয়। বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়া যায় না।
বরিশাল ফেরি বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শামসুল হক বলেন, কেবল ইঞ্জিন নয়, ফেরির কাঠামোও জরাজীর্ণ হয়ে গেছে। অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন বহন করতে গিয়েই ফেরিগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলছে।