১৮ পরিবারকে ১৫ লাখ টাকা করে দিতে নির্দেশ হাইকোর্টের
চার বছর আগে চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া (সন্দ্বীপ চ্যানেল) ঘাটের কাছে নৌকাডুবিতে নিহত ১৮ ভুক্তভোগী পরিবারকে ১৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। রায়ে ৬০ দিনের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও চট্টগ্রাম জেলা পরিষদকে সমানভাবে ওই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। রায়ে আদালত বলেছেন, ওই দুর্ঘটনায় অবহেলার জন্য বিআইডব্লিউটিসি ও চট্টগ্রাম জেলা পরিষদ সমভাবে দায়ী।
এর আগে ২০১৭ সালের এপ্রিলে ওই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে একটি জাহাজ সন্দ্বীপের উদ্দেশে যাত্রা করে। সন্ধ্যায় জাহাজটি গুপ্তছড়া ঘাটের কাছে পৌঁছায়। জাহাজ সরাসরি ঘাটে ভিড়তে না পারায় কিছুটা দূরে জাহাজ থেকে যাত্রীরা নৌকায় ওঠেন। এরপর নৌকা যাত্রীদের নিয়ে ঘাটে পৌঁছায়। যাত্রী নিয়ে ঘাটে যাওয়ার সময় একটি নৌকা বাতাসে উল্টে যায়। কোস্টগার্ড ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়। ৫ এপ্রিল পর্যন্ত উদ্ধার অভিযানে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জহিরুল ইসলাম রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৩ এপ্রিল হাইকোর্ট রুল দেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হালিম। বিআইডব্লিউটিসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাইফুর রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।
পরে আইনজীবী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘ওই ঘটনায় বিআইডব্লিউটিসি ও চট্টগ্রাম জেলা পরিষদের দায়িত্বে গাফিলতি অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত। ১৮ পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব মিলিয়ে ২ কোটি ৭০ লাখ টাকা, যা বিআইডব্লিউটিসি ও চট্টগ্রাম জেলা পরিষদকে সমান ভাগে দিতে হবে। এই অর্থ সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ষাট দিনের মধ্যে জমা দিতে বলেছেন। ইউএনও ওই অর্থ ভুক্তভোগী ১৮ পরিবারের মধ্যে বিতরণ করে দেবেন। যদি নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করা হয়, তাহলে ব্যাংক হার অনুসারে দিনপ্রতি ইন্টারেস্ট দিতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।’
বিআইডব্লিউটিসির আইনজীবী সাইফুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘রায়ের অনুলিপি পাওয়ার পর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
নিহত ১৮ জনের মধ্যে চার শিশু ছিল। নিহত ব্যক্তিরা হলেন বড়দা জলদাস, সালাউদ্দীন, সচীন্দ্র জলদাস, আব্দুল হক, হাফেজ আমিন রসুল, মো. সামশুল আলম শাহীন, মো. কামরুজ্জামান, মাঈন উদ্দিন, হাফিজ উল্যাহ, নিজাম উদ্দিন, তানজিম মো. জুবায়েদ, মাস্টার ওসমান গণী, মাস্টার ইউছুপ, মাকসুদুর রহমান, মাস্টার মো. আনোয়ার হোসেন শিপন, মো. তাহসিন, নিহা ও হারুন অর রশীদ।