১৮ বছর আগে চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে গোলাম সরওয়ার নামের এক ছাত্রদল নেতাকে গুলি করে হত্যার মামলায় বেকসুর খালাস পেয়েছেন সাতজন। তাঁরা সবাই ছাত্রদলের সাবেক নেতা-কর্মী। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই রায় দেন।
খালাসপ্রাপ্তরা হলেন নগর বিএনপির বর্তমান সহসভাপতি মো. আলী, দপ্তর সম্পাদক টিংকু দাশ, নগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক শাহেদ আকবর, যুবদল নেতা আলাউদ্দিন, নাছির উদ্দিন ও অরুপ বড়ুয়া, সাবেক ছাত্রদল কর্মী মো. রাজা মিয়া।
১৯৯৯ সালের ৮ মার্চ নগরের কাজীর দেউড়ি এলাকায় নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে রাত ৮টার দিকে গোলাম সরওয়ারকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর মা মেহেরুন্নেছা আক্তার বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় নগর ছাত্রদল, যুবদলের তৎকালীন সাত নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন। আসামিরা সবাই বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারী। অপর দিকে নিহত গোলাম সরওয়ার বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের অনুসারী ছিলেন। ঘটনার সময় নগর বিএনপিতে নোমান ও নাছির পক্ষের দ্বন্দ্ব ছিল।
এ ঘটনায় করা মামলার তদন্ত শেষে ২০০১ সালের ১৬ মার্চ পুলিশ আদালতে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৩ সালের ২৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ১২ জন সাক্ষীর মধ্যে চারজন সাক্ষী সাক্ষ্য দেন।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সাক্ষীরা দীর্ঘদিন ধরে সাক্ষ্য দিতে হাজির হননি। যাঁরা দিয়েছেন তাঁরা ঘটনা সম্পর্কে কিছুই বলেননি। এ কারণে অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামিরা বেকসুর খালাস পেয়েছেন।
সাড়ে তিন বছর আগে মারা যান মামলার বাদী নিহতের মা মেহেরুন্নেছা। রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে গতকাল রাতে নিহত ব্যক্তির পরিবারের কোনো সদস্য কথা বলতে রাজি হননি।