শেরপুরের গারো পাহাড়ে প্রায় ১৮ বছর ধরে বন্য হাতির সঙ্গে মানুষের লড়াই চলছে। ধান ও কাঁঠাল পাকার মৌসুমে প্রায় প্রতি রাতেই হাতির পাল লোকালয়ে নেমে আসে খাবারের সন্ধানে।
পাহাড়িদের বাড়িঘরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা। আর হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে পাহাড়িরা মশাল জ্বালিয়ে কাটায় নির্ঘুম রাত। হাতির সঙ্গে পাহাড়িদের এ লড়াই বন্ধে কার্যকর কোনো সমাধান আজও পর্যন্ত হয়নি।
বন বিভাগ সূত্র ও পাহাড়িদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৫ সালে ২০ থেকে ২৫টি হাতির একটি দল ভারতের পিক পাহাড় থেকে দলছুট হয়ে শেরপুরের গারো পাহাড়ে চলে আসে। পরে দলটি আর তাদের পুরোনো আবাসস্থলে ফিরে যেতে পারেনি।
বংশবৃদ্ধি হয়ে বর্তমানে হাতির সংখ্যা ৫০ ছাড়িয়েছে। হাতির পালটি খাবারের সন্ধানে গারো পাহাড়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়ায়।
প্রতিবছর বিশেষ করে ধান ও কাঁঠাল পাকার মৌসুমে দলটি লোকালয়ে হানা দেয়। ১৮ বছর ধরে পাহাড়িরা কোনো ফসল ঠিকমতো ঘরে তুলতে পারে না। ধান ও কাঁঠাল পাকার সময় হাতির আক্রমণ বেড়ে যায়। হাতির আক্রমণে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৫ জন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।
কাঠ-খড়ি সংগ্রহের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য পাহাড়ের ঢালে প্রতিবছর পাহাড়িরা ধান চাষ করে থাকে। এই ধান ঘরে তোলার আগ পর্যন্ত পাহাড়িরা গ্রামে গ্রামে ৩০-৪০ জনের দলে বিভক্ত হয়ে পাহারা বসায়।
এ সময় পাহাড়িরা বাঁশের মাথায় কাপড় বেঁধে কেরোসিন দিয়ে মশাল জ্বালিয়ে রাখে। আর এভাবে নির্ঘুম রাত কাটায় তারা।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, গারো পাহাড়ে প্রতিবছর নির্বিচারে গাছ কেটে বনাঞ্চল উজার ও পাহাড় খনন করে পাথর, বালু এবং চিনামাটি ওঠানোর ফলে পাহাড়ি ঝরনাগুলো বন্ধ হয়ে গেছে। এ কারণে হাতির খাদ্য ও পানির সংকটের সৃষ্টি হয়েছে। তাই বাধ্য হয়ে হাতির দল খাদ্যের সন্ধানে লোকালয়ে ছুটে আসে।
বন্য হাতির হামলা প্রতিরোধে ১৮ বছরে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। পাহাড়ের গহিন জঙ্গলে মৌমাছি চাষ প্রকল্প, হাতি বিশেষজ্ঞদের পরামর্শে পাটের আঁশে মরিচের গুঁড়া ছিটানো, টিলায় টিলায় বেতকাঁটা প্রকল্প এবং পাহাড়িদের মাঝে টর্চ লাইট বিতরণ করা ছাড়াও পাহাড়িদের অংশগ্রহণে ‘হাতি মানুষের সহ-অবস্থান’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারও অনুষ্ঠিত হয়েছে। কোনোটিই কাজে আসেনি।
লালটিলা এলাকার বাসিন্দা অভিজিত মারাক ও নিপেন মারাক বলেন, ‘প্রতিবছর মামারা (হাতির দল) পাহাড়িদের হত্যা করে, বাড়িঘর ভাঙচুর করে, পাহাড়িরা অহন মামাগর কাছে অসহায়। এর একটা সমাধান জরুরি অইয়া পড়ছে।’
পাহাড়িদের অনেকেই হাতি তাড়াতে বিদ্যুৎ চায়। তারা মনে করে, বিদ্যুৎ থাকলে এলাকা আলোকিত হবে এবং এতে হাতির উপদ্রব কমবে। তবে কোচপাড়া এলাকার মড়ল সমন্ত কোচ মনে করেন, শুধু বিদ্যুৎ হলেই হবে না, হাতি ও পাহাড়িদের সহ-অবস্থানের পরিবেশ তৈরি করা জরুরি। হাতির পাল মূলত খাদ্যের অভাবে বেপরোয়া হয়ে উঠেছে।
নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেসুর রহমান বলেন, বন্য হাতির আক্রমণে প্রতিবছর ক্ষয়ক্ষতি ছাড়াও প্রাণহানির ঘটনা ঘটে থাকে। হাতির আক্রমণ প্রতিরোধে এর আগে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল।
কিন্তু কোনো ফল হয়নি। তবে পাহাড়ি এলাকায় বিদ্যুতায়নসহ সরকারিভাবে যদি স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া যেত, তবে ক্ষয়ক্ষতি থেকে পাহাড়িরা রক্ষা পেত।