১৮ বছর ধরে ভাড়া ভবনে চলছে পৌরসভার কার্যক্রম
প্রতিষ্ঠার ১৮ বছর ধরে ভাড়া ভবনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার কার্যক্রম। নেই কোনো বিশেষ বরাদ্দ ও উন্নয়ন প্রকল্প। লোকবলসংকট ও অব্যবস্থাপনাসহ নানা সমস্যার কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
১৯৯৫ সালে উপজেলা সদরের তিনটি ইউনিয়নের ৯ দশমিক ২৯ বর্গকিলোমিটার এলাকা নিয়ে এই পৌরসভা গঠিত হয়। ইতিমধ্যে পৌরসভাটি তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছে।
পৌরসভার তথ্য অনুযায়ী, এখানে প্রায় ৩০ হাজার মানুষের বাস। ভোটার সংখ্যা ১৬ হাজার। হোল্ডিং সংখ্যা পাঁচ হাজার ৬৩৭টি। শহরে কয়েক হাজার ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান থাকলেও এর বিপরীতে ট্রেড লাইসেন্স আছে মাত্র ৯৬৫টি। পৌরবাসীর সুবিধার্থে শহরের বিভিন্ন সড়কে ২৮১টি বাতি, দুটি পাম্পের মাধ্যমে পানি সরবরাহের ৯৫০টি সংযোগ লাইন রয়েছে। প্রতি মাসে বিদ্যুৎ বিল ও পানি সরবরাহের জন্য ভর্তুকি দিতে হয়। দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হিসেবে ৭৫ জন জনবল থাকার কথা থাকলেও এখানে আছে মাত্র ২৫ জন।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আয় হয় এক কোটি ২০ লাখ দুই হাজার ৫৫২ টাকা। আর ব্যয় হয় এক কোটি ১৫ লাখ ৪২ হাজার ৯০০ টাকা। তিন বছর ধরে এই পৌরসভায় এডিপির কোনো বিশেষ বরাদ্দ নেই। এ ছাড়া এলাকার সাংসদের অনুমোদনপত্র (ডিও) না থাকায় জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা), নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়নকরণ প্রকল্প (ইউজিআইআইপি) থেকে পৌরসভাটি বঞ্চিত।
২০০২ সালে শহরের এক পাশে অপরিকল্পিতভাবে ৩০ লাখ টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হয়। কিন্তু সেটি চালু হয়নি। পৌর ভবন নির্মাণের জন্য ৭০ লাখ টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত জমি ক্রয়ের কাজ শেষ করা সম্ভব হয়নি। উপজেলা পরিষদের কোর্ট ভবনে মাসিক ৫০ টাকা ভাড়ার বিনিময়ে ছোট পরিসরে চলছে পৌরসভার কার্যক্রম।
এলাকাবাসীর অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর শহরের নয়টি ওয়ার্ডের বেশির ভাগ বাড়িতেই পানি সরবরাহের ব্যবস্থা নেই। রাস্তাঘাটেও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি। পরিকল্পিত ড্রেনেজ-ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতার।
শিক্ষিকা জোবায়দা খাতুন জানান, এটা নামেই শহর, কাজের কাজ কিছুই হয়নি। রাস্তাঘাট উন্নয়নসহ শহর হিসেবে একটি শিশুপার্ক, লাইব্রেরি ও বিনোদন কেন্দ্র তৈরি করা প্রয়োজন।
তারাগঞ্জ বাজারের ক্ষুদ্র বণিক সমিতির সভাপতি সত্যজিৎ দত্ত জানান, এই ছোট পৌরসভাটি একটি মাঝারি ধরনের শহরে পরিণত হবে। গড়ে উঠবে সুস্থ বিনোদন, ক্রীড়াচর্চার পরিবেশ, নিরসন হবে যানজট। কিন্তু শহরবাসীর অনেকের সেই স্বপ্নই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
কাউন্সিলর আমিন আল মামুন বলেন, ‘এলাকার সাংসদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী পাঁচ বছরেও পৌরসভার উন্নয়নের জন্য কোনো সহযোগিতা করেননি। পাশের শ্রীরবদী তৃতীয় শ্রেণীর পৌরসভা জাইকার প্রকল্প পেয়েছে। কিন্তু আমরা দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হয়েও সাংসদের অনুমোদন না থাকায় এই প্রকল্প থেকে বঞ্চিত।’
পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন জানান, কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা দিতেই বছরে ৮০ লাখ টাকা ব্যয় হয়। প্রকল্প না থাকায় বিভিন্ন সমস্যা তো হচ্ছেই। তবে দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা পেলে সব প্রতিকূলতা কাটিয়ে এটিকে সুন্দর পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।