দীর্ঘ ১৮ বছর পর বরিশাল দক্ষিণ জেলা যুবদল এবং ৮ বছর পর মহানগর যুবদলের নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করায় নতুন কমিটি নিয়ে বরিশালে অসন্তোষ দেখা দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার দেশের ১২ সাংগঠনিক জেলার সঙ্গে বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। আক্তারুজ্জামান শামীমকে সভাপতি, কামরুল আহসানকে জ্যেষ্ঠ সহসভাপতি, মাকসুদুর রহমানকে সহসভাপতি, মাসুদ হাসান মামুনকে সাধারণ সম্পাদক, মাজাহারুল ইসলাম ও শহিদুল হাসানকে যুগ্ম সম্পাদক এবং মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে মহানগর যুবদলের সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে কামরুল আহসান ও মাসুদ হাসান ছাড়া বাকিরা দলে নিষ্ক্রিয়।
নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি কামরুল আহসান প্রথম আলোকে বলেন, ‘যাঁকে মহানগর যুবদলের সভাপতি (আক্তারুজ্জামান শামীম) করা হয়েছে, তিনি ওয়ান-ইলেভেনের পর থেকে আজ পর্যন্ত দলের কোনো কর্মসূচিতে আসেননি। তিনি রাজপথে সক্রিয় নন। তাঁকে দলের কর্মসূচিতেও দেখা যায় না। যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালের পছন্দের লোক হওয়ায় তাঁকে এই পদ দেওয়া হয়েছে। অথচ ৫ জানুয়ারির আগে-পরের আন্দোলনে ৩টি, ’৯৬ সালে আওয়ামী লীগবিরোধী আন্দোলন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বইঠার তাণ্ডবসহ আমার বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে। ১৪ মাস জেল খেটেছি। তারপরও ত্যাগী কর্মীর মূল্যায়ন করেনি দল।’
নবগঠিত মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম দলে নিষ্ক্রিয় থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাঁরা আমাকে ছোট করার জন্য করছেন। দল করতে গিয়ে এখন সংসার চালাতে হিমশিম খাচ্ছি। দল যখন যে দায়িত্ব দিয়েছে, সেগুলো সুচারুরূপে আন্তরিকভাবে পালনের চেষ্টা করেছি। ছোটখাটো ভুলত্রুটি বাদ দিয়ে দল গঠনে কাজ করতে চাই।’
একইভাবে জেলা যুবদলের নতুন কমিটি নিয়েও রয়েছে ক্ষোভ আর অসন্তোষ। ছাত্রদলের সাবেক নেতা পারভেজ আকনকে সভাপতি, মামুন রেজা খান ও সাজ্জাদ হোসেন খানকে সহসভাপতি, এইচ এম তসলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক, মাওলা রাব্বী শামীমকে যুগ্ম সম্পাদক এবং হাফিজ আহম্মেদ বাবলুকে সাংগঠনিক সম্পাদক করে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র।
নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বলেন, ‘দ্রুত বিচার আইনে ৫টিসহ ১২ মামলার আসামি হয়েছি। চারবার জেল খেটেছি। যাঁরা ২০১৪-১৫-এর আন্দোলনে ছিলেন না, যাঁদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তাঁদের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। আমার যোগ্যতা অনুযায়ী পদ দেওয়া হয়নি। তাই এই কমিটি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’
যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল প্রথম আলোকে বলেন, ‘পছন্দের লোক নিয়ে কমিটি করার অভিযোগ সঠিক নয়। সবার মতামত নিয়েই কমিটি করা হয়েছে। সেখানে উনিশ-বিশ হতে পারে।’