১৮ বছর পর ক্ষেতলাল আ.লীগের সম্মেলন আজ
দীর্ঘ ১৮ বছর পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সমেঞ্চলন আজ শনিবার অনুষ্ঠিত হবে। দলের দুই পক্ষের মধ্যে বিরোধ থাকায় এত দিন সম্মেলন হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সমেঞ্চলন হয়েছিল ১৯৯৫ সালের ৩০ জুন। ২০০৫ সালের ১৩ জুন সমেঞ্চলন আয়োজন করা হলে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হন। এর মধ্যে এক পক্ষের নেতৃত্বে ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জয়পুরহাট পৌরসভার বর্তমান মেয়র আবদুল আজিজ মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। অপর পক্ষে নেতৃত্বে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান আলী। দলীয় সূত্রে আরও জানা গেছে, সম্মেলনের দিন সংর্ঘষের জের ধরে জেলা কমিটি আজিজ মোল্লা ও তাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। এর জের ধরে গত জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ পরাজিত হন। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর ২০০৯ সালে তিনি এ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করেন। কিন্তু এর পরও নেতা-কর্মীদের মধ্যে কোন্দল রয়ে যায়। তবে বর্তমান আহ্বায়ক কমিটিই ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করেছে। আজ সকাল ১০টায় ক্ষেতলাল পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আবু সাঈদ আল মাহমুদ। এ ছাড়া এতে জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সোলায়মান আলী প্রমুখ উপস্থিত থাকবেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ মোল্লা জানান, ২০০৫ সালে কমিটি গঠনের সময় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এত দিন সম্মেলন হয়নি। এ কারণে দলের নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় ছিল না। তাইফুল ইসলাম দাবি করেন, ২০০৫ সালে অনুষ্ঠিত সম্মেলনে তাঁরা কমিটি গঠনে বাধা দেননি। জেলা কমিটি অন্যায়ভাবে তাঁদের বহিষ্কার করেছে।