১৮ বছর পর নির্বাচন
দীর্ঘ ১৮ বছর পর আগামী ১৪ জুন পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডুতোষ ও ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও বাছাই সম্পন্ন হয়েছে।
দুটি ইউনিয়নে দুজন চেয়ারম্যান, ১৮ জন সাধারণ সদস্য ও ৬ জন সংরক্ষিত নারী সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১১৫ জন প্রার্থী। নির্বাচনকে ঘিরে ইউনিয়ন দুটিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
১৯৯৭ সালে ভাঙ্গুড়া ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ ভেঙে পৌরসভা ঘোষণার পর সদর ইউনিয়নকে ভেঙে ভাঙ্গুড়া এবং মন্ডুতোষ নামে পৃথক ইউনিয়ন গঠন করা হয়। একই সঙ্গে নবগঠিত দুই ইউনিয়নে দুজন প্রশাসক নিয়োগ করা হয়। এর বিরুদ্ধে ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান আমির হোসেন উচ্চ আদালতে রিট করেন এবং সীমানা-সংক্রান্ত জটিলতা নিয়ে অপর একটি মামলা দায়ের করেন। ফলে ইউনিয়ন দুটির নির্বাচন প্রক্রিয়া বন্ধ রাখা হয়। সর্বশেষ মামলা দুটির নিষ্পত্তি হওয়ায় নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী জানান, ২৮ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৪ জুন ভোটগ্রহণ করা হবে।