১৮ বছর পর ফের এইচএসসি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৮ বছর পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে নতুন করে এইচএসসি কোর্স চালু করা হলো। প্রথম বছরে ভর্তির সুযোগ পেল ৬০০ শিক্ষার্থী। ভর্তি প্রক্রিয়া শেষে গতকাল বুধবার নবীন এই শিক্ষার্থীদের বরণ করে নিল কলেজ কর্তৃপক্ষ। ফলে আনন্দের সীমা ছিল না নবীনদের।
ভর্তি প্রক্রিয়া শেষে গতকাল সকালে নবীন শিক্ষার্থীরা প্রথম কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়। কলেজের শহীদ আবদুস সাত্তার মিলনায়তনে তাদের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে আলোচনা সভায় অধ্যক্ষ নাঈদ মো. শামসুল হুদা, উপাধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদার, শিক্ষক পরিষদের সম্পাদক এ কে এম শওকত আলী খান, ভর্তি কমিটির আহ্বায়ক এ টি এম ফকরুল ইসলাম, নবীন শিক্ষার্থী ইসরাত জাহান, মাহমুদা ফেরদৌসী প্রমুখ বক্তব্য দেন।
বক্তব্যে অধ্যক্ষ নাঈদ মো. শামসুল হুদা বলেন, ‘বর্তমান প্রতিযোগিতার সময়ে শিক্ষার্থীরা ভালো ফল করেও ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছে না। শিক্ষার্থীর তুলনায় পাবনার কলেজগুলোতেও ভর্তির সুযোগ কম ছিল। ফলে আমরা শিক্ষার্থীদের জন্য এই সুযোগ করতে পেরে আনন্দিত।’
১৮৯৮ সালে কলেজটি প্রতিষ্ঠা হয়। তখন নাম ছিল গোপাল চন্দ্র ইনস্টিটিউট। ১৯১১ সালে প্রয়াত সপ্তম এডওয়ার্ডের স্মৃতি রক্ষার্থে কলেজটির নামকরণ করা হয় এডওয়ার্ড কলেজ। তখন থেকেই কলেজটিতে এইচএসসি পাঠদান শুরু হয়। ১৯২৫ সালে বিএসসি কোর্স চালু হয়। ১৯৫৪ সালে প্রথমে বাংলা ও পরে অর্থনীতিতে অনার্স চালু হয়। ১৯৯৫ সালে ১২টি বিষয়ে সম্মান ও স্নাতকোত্তর কোর্স চালু হলে কলেজটিতে চাপ সৃষ্টি হয়। ফলে ১৯৯৭-১৯৯৮ শিক্ষাবর্ষ থেকে কলেজটিতে এইচএসসি ভর্তি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ১৮টি বিষয়ে সম্মান ও ১৬টি বিষয়ে স্নাতকোত্তর কোর্সে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী রয়েছে।