১৮ বছর পর ভোলা যুবলীগের সম্মেলন, নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৮ বছর পর গতকাল শনিবার ভোলা জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানকে সভাপতি ও পৌর কাউন্সিলর আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির বাকি পদ পরে ঘোষণা করা হবে।
ভোলা সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রায় ২২ হাজার মানুষ সমবেত হয়। লাইটিং, মাইকিং, ব্যানার-ফেস্টুন আর তোরণে-তোরণে ভোলা ছিল সজ্জিত।
বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি যুবলীগের প্রতিটি কর্মীকে সাংগঠনিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সংগঠনবিহীন আন্দোলন নৈরাজ্যে পরিণত হয়, সংগঠনকে শক্তিশালী করতে কর্মসূচি দিতে হবে। দিবস পালনে সীমাবদ্ধ থাকলে চলবে না।’
ভোলা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা। পদ্মা সেতুর পরই ভোলা-বরিশাল সেতুর কাজ শুরু হবে। ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। এখানে বিপুল পরিমাণ গ্যাস আছে।’
অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বাংলাদেশ যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন প্রমুখ।