
>বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত ও ভাগনে শেখ ফজলুল হক মণির বাড়িতে হামলার ঘটনায় করা মামলা স্থগিত হয়ে আছে ১৮ বছর।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা কেবল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকেই হত্যা করেনি; বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত ও ভাগনে শেখ ফজলুল হক মণির বাড়িতে হামলা করে। ঘাতকেরা সেরনিয়াবাতের চার বছরের নাতি ও শেখ মণির অন্তঃসত্ত্বা স্ত্রীকেও ছাড়েনি। এই দুই ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে শেষ করে দেয় সিআইডি। অন্যটির বিচার স্থগিত আছে ১৮ বছর ধরে।
ঘাতকেরা শেখ ফজলুল হক মণির বাসায় আক্রমণ করে তাঁকে ও তাঁর স্ত্রী আরজু মণিকেও হত্যা করে। এই ঘটনায় ১৯৯৬ সালের ২০ নভেম্বর ধানমন্ডি থানায় ১৮ জনকে আসামি করে মামলাটি হয়। সিআইডির তৎকালীন কর্মকর্তা মুন্সী আতিকুর রহমান তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেন। মুন্সী আতিকুর রহমান এখন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে খুনিদের একটি দল বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও তৎকালীন পানি, সেচ এবং বন্যানিয়ন্ত্রণমন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতের ২৭ নম্বর মিন্টো রোডের বাড়িতে হামলা করে। মামলার নথি অনুযায়ী, বঙ্গবন্ধুর খুনি সুলতান শাহরিয়ার রশীদ খান, আজিজ পাশা ও নুরুল হুদার নেতৃত্বে একদল সেনাসদস্য ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাসার সব সদস্যকে ড্রয়িংরুমে জড়ো করে এবং আবদুর রব সেরনিয়াবাতসহ আটজনকে ব্রাশফায়ার করে হত্যা করে। অন্যরা হলেন আবদুর রব সেরনিয়াবাতের ছেলে আরিফ সেরনিয়াবাত, মেয়ে বেবি সেরনিয়াবাত, চাচাতো ভাই শহীদ সেরনিয়াবাত, নাতি শুকান্ত হাসনাত (আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে), গৃহপরিচারিকা লক্ষ্মীর মা, গৃহপরিচারক পোটকা ও আবদুর রহিম খান। আহত হন আবুল হাসানাত আবদুল্লাহর মা আমেনা বেগম (বঙ্গবন্ধুর বোন), হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা বেগম, ভাই আবুল খায়ের আবদুল্লাহ, বোন বিউটি সেরনিয়াবাতসহ আরও তিন জন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওই বছরের ২১ অক্টোবর আবুল হাসানাতের স্ত্রী সাহান আরা বেগম বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন। ১৯৯৭ সালের ৩০ জুলাই ১৫ জন সাবেক সেনা কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আসামিরা হলেন লে. কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল (অব.) আবদুল আজিজ পাশা, লে. কর্নেল (অব.) খন্দকার আবদুর রশিদ, লে. কর্নেল (অব.) শরিফুল হক ডালিম, লে. কর্নেল (অব.) এ কে এম মহিউদ্দিন আহমেদ, লে. কর্নেল (অব.) এস এইচ এম বি নূর চৌধুরী, লে. কর্নেল (অব.) মহিউদ্দিন আহমেদ, লে. কর্নেল (অব.) এম এ রাশেদ চৌধুরী, লে কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর (অব.) বজলুল হুদা, মেজর (অব.) আহম্মদ শরফুল হোসেন, ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা, ক্যাপ্টেন (অব.) নাজমুল হোসেন, ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ, ক্যাপ্টেন (অব.) কিসমত হাসেম ও তাহের উদ্দিন ঠাকুর।
১৯৯৯ সালের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। তাহের উদ্দিন ঠাকুর ২০০০ সালের ফেব্রুয়ারিতে মামলাটির স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন। উচ্চ আদালত তিন মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠনের পর এ স্থগিতাদেশ দফায় দফায় বাড়তে থাকে। এরপর ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি সরকারের প্রতি দেওয়া রুলের শুনানি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করা হয়। এভাবে ১৮ বছর ধরে স্থগিত আছে এই মামলাটির বিচার।