১৮ বছরেও বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগ (ইনডোর) চালু করা হয়নি। পানি ও বিদ্যুৎ সরবরাহ না থাকায় এবং রোগীর খাবার সরবরাহে মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় অন্তর্বিভাগ চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, ঝরনা থেকে পাইপলাইনের মাধ্যমে হাসপাতালে পানি সরবরাহের কাজ প্রায় শেষ। জেলা সদর থেকে থানচিতে বিদ্যুৎ সঞ্চালন লাইন টানা হচ্ছে। অন্তর্বিভাগ চালুর জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে সব কাজ শেষ করে কখন অন্তর্বিভাগ চালু করা সম্ভব হবে, তা বলা যাচ্ছে না।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৯৯৮ সালে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ হয়। এরপর থেকে অন্তর্বিভাগ চালুর জন্য এ পর্যন্ত মন্ত্রণালয়ে কমপক্ষে ১৫ বার চিঠি লেখা হয়েছে। কিন্তু এখনো রোগীর খাদ্য ও নিয়মিত ওষুধ সরবরাহের অনুমোদন পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের উত্তর পাশে শঙ্খ নদের তীরে মনোরম পরিবেশে দ্বিতল হাসপাতাল ভবন ও তিনতলা পরিবার পরিকল্পনা ভবন গড়ে তোলা হয়েছে। এ ছাড়া রয়েছে চিকিৎসক, সেবিকাসহ কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের ব্যবস্থা। আধুনিক এ ভবনগুলো এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। পরিবার পরিকল্পনা দপ্তরের তিনতলা ভবনের চারদিক ঝোপঝাড়ে ভরে গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিপন দত্ত ও সুব্রত দে বলেন, হাসপাতালে শয্যা, বিদ্যুৎ সরবরাহের জেনারেটর ও চিকিৎসা সরঞ্জাম আছে। এখন পানি সরবরাহ ব্যবস্থারও উন্নতি হয়েছে। চিকিৎসক, সেবিকাসহ জনবল বৃদ্ধি ও রোগীর খাবারের অনুমোদন পাওয়া গেলে অন্তর্বিভাগ চালু করা সম্ভব। তাঁরা বলেন, অব্যবহারজনিত কারণে বিকল হয়ে পড়া জেনারেটরগুলো দ্রুত মেরামত করে বিদ্যুতের সমস্যাও সাময়িকভাবে সমাধান করা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মংটিংঞো মারমা বলেন, অন্তর্বিভাগ চালু না থাকায় তাঁরা শুধু বহির্বিভাগে রোগী দেখেন। বিশেষজ্ঞসহ নয়জন করে চিকিৎসক ও সেবিকা থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র দুজন করে চিকিৎসক ও সেবিকা আছেন। চিকিৎসক-সেবিকার সংখ্যা বাড়ানো না হলে অন্তর্বিভাগ চালু করা সম্ভব নয়। হাসপাতালের ৮৩ জন কর্মকর্তা-কর্মচারীর বেশির ভাগই সংযুক্তিতে অন্যত্র কাজ করছেন। তিনি জানান, অন্তর্বিভাগ চালুর জন্য মন্ত্রণালয়ে আবারও চিঠি পাঠানো হয়েছে।
বান্দরবানের ভারপ্রাপ্ত সিভিল সার্জন উদয় শঙ্কর চাকমা বলেন, পানি ও বিদ্যুৎসংকট ছাড়াও থানচির মতো দুর্গম উপজেলায় রোগীর খাবার সরবরাহের ঠিকাদার পাওয়াও দুষ্কর। পানি ও রোগীর খাবার সরবরাহের অনুমোদন পাওয়া গেলে অন্তর্বিভাগ চালু করা হবে।