১৮ বছরেও পূরণ হয়নি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর ঘাটে নবগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই প্রতিশ্রুতির ১৮ বছর চলে গেছে। কিন্তু সেতু তৈরির কোনো প্রকল্পই নেয়নি সরকার। তাই সাধারণ মানুষকে বাঁশের সাঁকো, নয়তো কলার ভেলায় করে নদী পারাপার হতে হয়।
উদয়পুর গ্রামের মোহাম্মদ আলী বলেন, তাঁদের গ্রামের সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে ১৯৯৬ সালের ১৫ জুলাই তিনি মারা যান। ১৯৯৬ সালের ৭ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদয়পুর গ্রামে এসে মতিয়ার রহমানের কবর জিয়ারত করেন।
মোহাম্মদ আলী আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমনের খবরে তাঁরা নবগঙ্গার পাড়ে জনসভার আয়োজন করেন। এলাকাবাসী প্রধানমন্ত্রীর কাছে নবগঙ্গা নদীর ওপর উদয়পুর ঘাটে একটি সেতু নির্মাণের দাবি জানান। সেতুটি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের নামে করার প্রস্তাব দেন। প্রধানমন্ত্রীও দাবির প্রতি সমর্থন দিয়ে দ্রুত এখানে সেতু নির্মাণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। ওই বছরের ৮ অক্টোবর প্রধানমন্ত্রীর তৎকালীন একান্ত সচিব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নিতে অনুরোধ করেন। এর পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁরা বিভিন্ন স্থানে ধরনা দিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।
বারইখালী গ্রামের মোফাজ্জেল হোসেন বলেন, সেতু না থাকায় তাঁরা নিজেদের অর্থে বাঁশের সাঁকো তৈরি করেছেন। কিন্তু বছরের অর্ধেক সময় পানির চাপে ওই সাঁকো রাখা যায় না। তখন কলার ভেলায় করে পার হতে হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের সঙ্গে কথা বললে তিনি জানান, পেছনের ঘটনাগুলো তাঁর জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে পদক্ষেপ নেবেন।