১৮ বছরের আগে বিয়ে মানবাধিকার লঙ্ঘন, মনে করেন ৯০ ভাগ নারী
দেশের বিবাহিত নারীদের ৯০ শতাংশই মনে করে, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘন। তাঁদের ৯৪ শতাংশের মত, মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স কমপক্ষে ১৮ বছর।
সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে এক আলোচনা সভায় এই তথ্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেলাল হোসাইন। আজ শনিবার রাজধানীর বিলিয়া মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। দেশের ১৪টি জেলায় ১০ হাজার মানুষের ওপর এ জরিপ পরিচালনা করা হয় বলে জানানো হয়।
গবেষণায় আরও দেখা গেছে, ৯৭ শতাংশ নারী জানেন বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ। অথচ তাঁরাই মা হয়ে আবার মেয়েদের বাল্যবিবাহ দিচ্ছেন। এর কারণ সামাজিক নিরাপত্তার অভাব। তবে মা শিক্ষিত হলে বাল্যবিবাহের হার কমে।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি অন্যতম সামাজিক সমস্যা। সম্প্রতি মন্ত্রিসভার অনুমোদিত বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ ধারার কারণে বাল্যবিবাহের হার আরও বাড়বে। পাশাপাশি এটি অন্যান্য আইনের সঙ্গেও সাংঘর্ষিক।
তাঁরা বলেন, একশ্রেণির মানুষ এই বিশেষ ধারার সুযোগ নেবে। এমনিতেই অভিভাবকের মধ্যে মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। এর প্রতিরোধে দরকার সচেতনতা ও সামাজিক আন্দোলন।
আইনজীবী শাহদীন মালিক বলেন, একটি মেয়ের নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জনের আগেই তার বিয়ে সমাজ বা ওই মেয়েটির জন্য ভালো নয়। অন্তত মেয়েটিকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার সারা হোসেন। তিনি বলেন, পারিবারিক জীবনের অধিকার রক্ষার জন্য আইন। তাই সমস্যা বুঝে আইন করতে হবে। বিশেষ ধারাসহ আইনটি পাস হওয়ার আগে আইনপ্রণেতাদের আরেকটু ভাবার অনুরোধ করেন তিনি।
বিয়ের ক্ষেত্রে মেয়েদের বয়স কমপক্ষে ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর বয়স হওয়ার শর্ত রেখে গত ২৪ নভেম্বর ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিশেষ প্রেক্ষাপটে সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ নিয়ে এবং মা-বাবার সমর্থনে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরও বিয়ের সুযোগ রাখা আছে এই আইনে।