ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ১৮ বছরের কম বয়সীদের তথ্য অন্তর্ভুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রুল দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ্দীন মালিক। তাঁকে সহযোগিতা করেন এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন।
পরে শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, সংবিধানের ১২২ অনুচ্ছেদ এবং ২০০৯ সালের ভোটার তালিকা আইনের ১১ ধারা অনুসারে ১৮ বছর বয়সীদের তথ্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এ ক্ষেত্রে ১৮ বছরের কম বয়সীদের তথ্য ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের এখতিয়ারবহির্ভূত।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ১৮ বছরের কম বয়সীদের তথ্য সংগ্রহের বিষয়ে গত মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না।