নির্বাচন কমিশনের মাধ্যমে ১৮ বছরের কম বয়সী নাগরিকদের পরিচয় নিবন্ধন ও তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য আইডিয়া-২ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার সংসদকাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।
সরকারি দলের সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পির এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ১৮ বছরের নিচের নাগরিকদের পরিচয় নিবন্ধন ও তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার আইডেনটিফিকেশন সিস্টেমস ফর এনহেন্সিং অ্যাকসেস টু সার্ভিস প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে নয় কোটি ভোটারকে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) দেওয়ার জন্য আইডিয়া প্রকল্প চলমান আছে। এ প্রকল্পের জন্য বিশ্বব্যাংক থেকে দেড় হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, এ বছরের মধ্যেই নাগরিকদের হাতে স্মার্টকার্ড দেওয়া হবে।