নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়ে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যেখানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, সেখানেই সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে। অপরাধী আটকের ক্ষেত্রে সরকার প্রায় শতভাগ সফল। কিন্তু শুধু সরকারের একার পক্ষে নির্যাতন বন্ধ করা সম্ভব নয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বুধবার দুপুরে মন্ত্রণালয় ও ব্র্যাকের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সমাবেশ ও সাইকেল র্যা লি উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাল্যবিবাহও এক ধরনের নারী নির্যাতন। ১৮ বছরের নিচে কোনো শিশুর বিয়ে বরদাশত করা হবে না। এই বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন আইন অনুযায়ী বাল্যবিবাহের সাজা ও জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী প্রমুখ।