১৮ বিক্রেতাকে ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরের পাঁচটি বাজারে অভিযান চালিয়ে ১৮ বিক্রেতাকে ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাড়তি দামে পণ্য বিক্রি এবং পণ্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় তাঁদের জরিমানা করা হয়। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, নগরের কাটগড় বাজারে অভিযান চালিয়ে তিন বিক্রেতাকে নষ্ট খেজুর, মেয়াদোত্তীর্ণ চিপস ও চানাচুর বিক্রির দায়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে কর্ণফুলী কমপ্লেক্সের ছয় ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা, বন্দরটিলা বাজারে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা, স্টিলমিল বাজারে চার বিক্রেতাকে ৩২ হাজার টাকা এবং পাহাড়তলী বাজারের তিন বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, রমজান মাসে ভোগ্যপণ্যের বাজার যাতে কোনোভাবেই অস্থিতিশীল না হয়, সে জন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। নির্ধারিত দামের তুলনায় বাড়তি দামে পণ্য বিক্রি করায় বিভিন্ন বাজারের ১৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।