১৮ মাদকসেবী ও ব্যবসায়ীর দণ্ড
মাদক ব্যবসা ও গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত গত কয়েক দিনে ১৮ জনকে কারাদণ্ড দিয়েছেন। রাজবাড়ীর গোয়ালন্দ, জয়পুরহাটের আক্কেলপুর, গাজীপুরের কালীগঞ্জ ও নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোয়ালন্দ (রাজবাড়ী): গাঁজা বিক্রি করার দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আক্কাছ আলী ফকির ও তাঁর ছেলে জলিল ফকিরের স্ত্রী আয়না বিবিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম মাহবুব-উল করিম তাঁদের বুধবার এ দণ্ড দেন। আক্কেলপুর (জয়পুরহাট): ফেনসিডিলের ব্যবসা করার দায়ে আক্কেলপুর পৌর সদরের বাসিন্দা হামিদুল ইসলামকে (৩২) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এ এম রফিকুন্নবী তাঁকে এ দণ্ড দেন। গাজীপুর: চোলাই মদ তৈরি ও বিক্রির দায়ে কালীগঞ্জ উপজেলায় পাঁচজনকে ২১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফজলে আজিম বুধবার তাঁদের এ দণ্ড দেন। দণ্ড পাওয়া পাঁচজন হলেন আরজু মিয়া, হযরত আলী, মোশারফ হোসেন, ওমর আলী ও সবুজ। কেন্দুয়া (নেত্রকোনা): গাঁজা সেবন করার দায়ে কেন্দুয়া উপজেলায় ১০ জনকে দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম তাঁদের এ দণ্ড দেন।