১৮ মার্চ ঢাকায় মহাসমাবেশ করবে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। এ ছাড়া জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে কয়েকটি দল গঠন করা হয়েছে।দলীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াত-শিবিরের সাম্প্রতিক সহিংসতার মুখে বেশ কয়েকটি জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। কোনো কোনো স্থানে অনেকে বাড়িঘর-ছাড়া। এ অবস্থায় দলীয় অবস্থান সংহত ও নেতা-কর্মীদের মনোবল চাঙা করার পাশাপাশি জামায়াতের জনমত তৈরির লক্ষ্যে এসব কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।গতকাল শনিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে ঢাকার আশপাশের জেলাগুলোর নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বৈঠক করে কর্মসূচি ঠিক করেন। বৈঠক শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংবাদ ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করেন।সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে প্রতিনিধিদলগুলো গঠন করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রামের সাতকানিয়া, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর নেতৃত্বে বগুড়া, মোহাম্মদ নাসিমের নেতৃত্বে জয়পুরহাট, শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে সাতক্ষীরা-খুলনা, আব্দুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে রংপুর, ওবায়দুল কাদেরের নেতৃত্বে নোয়াখালী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে রাজশাহী, তোফায়েল আহমেদের নেতৃত্বে কক্সবাজার, আবুল মাল আবদুল মুহিত ও সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে সিলেটের ক্ষতিগ্রস্ত এলাকায় প্রতিনিধিদলগুলো সফর করবে। পরে প্রতিনিধিদলের দেওয়া প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অপরাধীদের শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।মাহবুব উল আলম হানিফ বলেন, ইসলামের সঙ্গে স্বাধীনতাবিরোধীদের কোনো সম্পর্ক নেই। তারা ধর্মকে ব্যবহার করে বারবার রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। ইসলামকে ‘ধর্ম ব্যবসায়ীদের’ হাত থেকে রক্ষা করার জন্য প্রতিটি মসজিদের ইমামদের সঙ্গেও বৈঠক করা হবে। তিনি শুক্রবার শাহবাগের নারী জাগরণ সমাবেশে ককটেল বিস্ফোরণের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন।সংবাদ ব্রিফিংয়ে কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।