১৮ মাস লড়াই করে অবশেষে হেরে গেলেন ধসে পড়া রানা প্লাজা ঘটনায় আহত শ্রমিক জাহেদা আক্তার (২৫)। গতকাল শনিবার সকালে তিনি মারা গেছেন।
গত বছরের ২৪ এপ্রিল ধসে পড়ে ঢাকার সাভারের রানা প্লাজা। সরকারি হিসাব অনুযায়ী, ওই ঘটনায় নিহতের সংখ্যা এক হাজার ১৩৬ জন। জাহেদাকে দিয়ে এই সংখ্যা দাঁড়াল এক হাজার ১৩৭ জনে। তবে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নিহতের সংখ্যা দাবি করা হয় এক হাজার ১৭০ জন।
জাহেদা মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক গ্রামের সাঈদ ব্যাপারীর মেয়ে। বছর দশেক আগে তাঁর বিয়ে হয়েছিল একই জেলার শিবালয় উপজেলার কয়রা গ্রামের রেজাউল করিমের সঙ্গে। স্বামী দ্বিতীয় বিয়ে করায় তিনি সাভারের কোটবাড়ি এলাকায় ভাইয়ের বাসায় চলে আসেন।
জাহেদার ছোট ভাই ইউসুফ আলী বলেন, ভবন ধসের মাস পাঁচেক আগে তাঁর বোন চাকরি নেন রানা প্লাজার তৃতীয় তলার নিউ ওয়েব বটমে। দুর্ঘটনার চার দিন পর সেনা সদস্যরা তাঁর বোনকে উদ্ধার করে ভর্তি করে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইস)। সেখানে ১৫ দিন চিকিৎসার পর তাঁকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। এর পর থেকে প্রায়ই তাঁর মুখ ও পায়ুপথ দিয়ে রক্ত বের হতো। কিন্তু অর্থের অভাবে তাঁকে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। তাঁর দুরবস্থার খবর পেয়ে সাহায্যের হাত বাড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জাহেদার যকৃৎ, মাথা ও মেরুদণ্ডে সমস্যার কথা জানান। সেই অনুযায়ী তাঁকে চিকিৎসাও দেওয়া হয়, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মাস দুয়েক আগে অবস্থার আরও অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দেড় মাস চিকিৎসা করানোর পর দিন বিশেক আগে তাঁকে সাভার নিয়ে আসা হয়। এরপর একরকম বিনা চিকিৎসায় গতকাল সকালে তিনি মারা যান।
জাহেদার মৃত্যুর খবর পেয়ে রানা প্লাজার শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা গতকাল কোটবাড়িতে তাঁর ভাইয়ের বাসায় যান। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, এখনো রানা প্লাজার অনেক শ্রমিক অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অর্থের অভাবে তাঁদের উপযুক্ত চিকিৎসা হচ্ছে না।
জাহেদার আরেক ভাই রাসেল হোসেন বলেন, ‘বোনকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছে কত ধরনা দিয়েছি। কিন্তু কারও কাছ থেকেই সহযোগিতা পাইনি। প্রশাসন আন্তরিক হলে আমার বোনকে হয়তো আজ মরতে হতো না।’