১৮ মাসেও কার্যকর হয়নি প্রশাসনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৭০০ বছর আগে নির্মিত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মহজমপুর শাহি মসজিদের একাংশ প্রায় ১৯ মাস আগে ভেঙে ফেলা হয়। এরপর স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশ ছিল, মসজিদের আদিরূপ ফিরিয়ে আনতে হবে। তবে এখনো মসজিদ কমিটি কোনো ব্যবস্থা নেয়নি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মসজিদ পরিচালনা কমিটির লোকজন মসজিদের সামনের কিছু অংশ ২০১৫ সালের ডিসেম্বর মাসে ভেঙে সেখানে নতুন স্থাপনার নির্মাণকাজ শুরু করেন। মসজিদের দেয়ালের বিভিন্ন অংশে নতুন করে টাইলস বসিয়ে ও রং করে তাঁরা প্রত্নতাত্ত্বিক সৌন্দর্য নষ্ট করে ফেলেছেন।
গবেষক ও সাহিত্যিক শামসুদ্দোহা চৌধুরী বলেন, মসজিদটি পীর শাহ আলম দরগাহ শরিফ ওয়াক্ফ এস্টেটের অধীনে। তিনি বলেন, মসজিদের ৮২ শতাংশ জমি ছিল। কিন্তু সেই জমির অধিকাংশ প্রভাবশালী ব্যক্তিরা দখল করে নিয়েছেন।
মসজিদটির একাংশ ভেঙে ফেলার ঘটনায় ২০১৬ সালের ১৭ জানুয়ারি প্রথম আলোয় ‘ঐতিহ্যে হাতুড়ির ঘা!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক রাখী রায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় মসজিদের বর্ধিত অংশের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি এক মাসের মধ্যে মসজিদের আদিরূপ ফিরিয়ে দেওয়ার জন্য মসজিদ কমিটিকে নির্দেশ দেওয়া হয়। ঐতিহ্যবাহী এ মসজিদ ধ্বংস করার অভিযোগ এনে মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে রাখী রায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগও দেন।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আদেশ বাস্তবায়ন করেনি মসজিদ কমিটি। মসজিদের বর্ধিত অংশও ভাঙা হয়নি।
মসজিদ কমিটির মোতোয়ালি হু্মায়ূন কবির সরকার বলেন, মসজিদটির বর্ধিত অংশ ভাঙতে ও এর আদিরূপ ফিরিয়ে দিতে যে অর্থের প্রয়োজন, তা তাঁদের নেই। এ কারণে প্রশাসনের নির্দেশ তাঁরা বাস্তবায়ন করতে পারছেন না।
ইউএনও শাহীনুর ইসলাম বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমি ঐতিহ্যবাহী মসজিদটির আদিরূপ ফিরিয়ে আনার জন্য গত মাসে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অনুরোধ করেছি।’
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক বলেন, ‘মসজিদটির আদিরূপ ফিরিয়ে দিতে মসজিদ কমিটির প্রয়োজনীয় অর্থ নেই এটা অজুহাত ছাড়া আর কিছু নয়। আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি মসজিদের আদিরূপ ফিরিয়ে দেওয়ার।’